E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

হুগলির শ্রীপতিপুরে ৭৫ বছরের প্রাচীন সবুজ কালীর পুজো

কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপের আরাধনায় বৈষ্ণব ভাবধারায় পুজো হয় দেবীর। পশুবলি নেই, রয়েছে বাঁশির সুর ও ইলিশ মাছ ভোগের বিশেষ রীতি
হুগলির শ্রীপতিপুরে অধিকারী পরিবারের ৭৫ বছরের প্রাচীন সবুজ কালীর পুজো
হুগলির শ্রীপতিপুরে অধিকারী পরিবারের ৭৫ বছরের প্রাচীন সবুজ কালীর পুজো

কালীমূর্তির গায়ের রং সবুজ। গলায় বৈষ্ণবদের কণ্ঠিমালা, কপালে বৈষ্ণব তিলক। দেবীর সামনে পশুবলি নয়, বরং প্রতিদিন শোনানো হয় বাঁশির সুর। আবার কালীপুজোর নিশিতে দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তাঁর প্রিয় ইলিশ মাছ ভাজা। কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপের আরাধনায় এমনই এক ব্যতিক্রমী পুজোর সাক্ষী হুগলির হরিপাল থানার অন্তর্গত ও নালিকুল স্টেশনের কাছে শ্রীপতিপুরের অধিকারী পরিবার। প্রায় ৭৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে চলে আসছে এই সবুজ কালীর পুজো।

জানা যায়, বাংলা ১৩৫৭ বঙ্গাব্দে বটকৃষ্ণ অধিকারীর হাত ধরে এই পুজোর সূচনা। কুলীন বৈষ্ণব পরিবারের সন্তান ছিলেন বটকৃষ্ণ। ছোট থেকেই সংসারের প্রতি বিশেষ আকর্ষণ ছিল না তাঁর। মাধ্যমিক পাশ করার পর চাকরিতে যোগ দিলেও দূরে বদলি হওয়ায় পরিবারের অনুরোধে চাকরি ছেড়ে দেন। এরপর চাষবাসের পাশাপাশি মাঠে গরু চরাতে যেতেন তিনি। সেই মাঠের কাছেই ছিল জঙ্গল ও শ্মশান। সেখানে সবুজ ঘাসের উপর গরু ছেড়ে দিয়ে সারাদিন বাঁশি বাজাতেন বটকৃষ্ণ। ধীরে ধীরে তাঁর মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে।

একদিন মাঠে গরু বাঁধার সময় পিছন থেকে তাঁকে কেউ ডাকেন। পিছনে ফিরে সাদা পোশাক পরিহিত, হাতে কমণ্ডলু, পায়ে খড়ম এবং সাদা দাড়িওয়ালা এক সাধককে দেখতে পান তিনি। সেই সাধক তাঁকে শ্মশানে নিশিপ্রহরে দীক্ষা নেওয়ার নির্দেশ দেন। এরপর পরিবারের অজান্তে শ্মশানে গিয়ে গুরুদীক্ষা নিয়ে তন্ত্রসাধনা শুরু করেন বটকৃষ্ণ। রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে ভোরে গায়ে ছাই মেখে ফিরতেন তিনি। ছেলের এই আচরণ দেখে পরিবারের সদস্যরা তাঁর বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরেও সাধনা থেকে সরে আসেননি বটকৃষ্ণ।

প্রথমে বাড়ির অন্দরেই গোপনে ঘটে মা কালীর আরাধনা শুরু করেন তিনি। একসময় স্বপ্নাদেশ পান দেবীর। দেবী তাঁকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার নির্দেশ দেন। কিন্তু বৈষ্ণব পরিবারের সদস্যরা মূর্তিপুজোয় আপত্তি জানান। এমনকী গ্রামের কয়েকজন বৈষ্ণব মোড়লও পরিবারটিকে একঘরে করার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।

এরপরই আসে সেই অলৌকিক অভিজ্ঞতা। শ্মশানে সাধনা করার সময় একদিন চারপাশ দৈব আলোয় আলোকিত হয়ে ওঠে। বাতাস ভরে যায় সুগন্ধে। বটকৃষ্ণ দেখতে পান, যেখানে তিনি প্রতিদিন গরু চরাতেন, সেখানে একই সঙ্গে উপস্থিত শ্রীকৃষ্ণ ও মা কালী। তাঁরা তাঁকে জানান, কৃষ্ণ ও কালী আলাদা নন, তাঁরা এক এবং অভিন্ন। এরপর বটকৃষ্ণ প্রত্যক্ষ করেন কৃষ্ণ ও কালীর সম্মিলিত এক অপূর্ব নারী মূর্তি। দেখতে কালীমূর্তির মতো হলেও দেবীর গায়ের রং কচি দুর্বা ঘাসের মতো সবুজ। ‘নবদূর্বাদলশ্যামা’ রূপেই দেবীকে প্রতিষ্ঠা করার নির্দেশ পান তিনি।

সেই নির্দেশ মেনেই মাঘ মাসে রটন্তী চতুর্দশীর তিথিতে প্রতিষ্ঠিত হয় সবুজ কালীর মূর্তি। রটন্তী কালীর পৌরাণিক কাহিনির সঙ্গেও এই পুজোর বিশেষ যোগ রয়েছে। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাধা ও শ্রীকৃষ্ণের লীলার কথা শুনে রাধার স্বামী আয়ন ঘোষ সেখানে উপস্থিত হন। তাঁকে অপমানের হাত থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেন। অন্যদিকে রাধিকা কালীপুজো করছেন দেখে আয়ন ঘোষ ফিরে যান। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়েছিল বলেই তিথিটির নাম রটন্তী কালীপুজো বলে পরিচিত।

এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, এখানে কোনও পশুবলি হয় না। বৈষ্ণব ভাবধারায় দেবীর আরাধনা করা হয়। আঁখ, চালকুমড়ো ও কলা নিবেদন করা হয়। তবে কালীপুজোর রাতে দেবীর ভোগে থাকে ইলিশ মাছ ভাজা। পরিবারের বিশ্বাস, ইলিশ মাছ দেবীর অত্যন্ত প্রিয়। শুধু তাই নয়, কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপ হওয়ায় দেবীকে বাঁশির সুর শোনানোর বিশেষ রীতি রয়েছে। কালীপুজোর রাতে এক প্রহর অর্থাৎ প্রায় তিন ঘণ্টা ধরে বাঁশি বাজিয়ে দেবীকে শোনানো হয়। সেই বাঁশি বাজান পরিবারের বর্তমান সদস্য দেবজ্যোতি অধিকারী।

দেবজ্যোতি অধিকারী জানান, তাঁদের পরিবারে কৃষ্ণ ও কালী আলাদা নন, দু’জনেই এক সত্তার প্রকাশ। তাই দেবীর গলায় রয়েছে কণ্ঠিমালা এবং কপালে বৈষ্ণব তিলক। তিনি বলেন, বটকৃষ্ণ অধিকারীর সাধনায় সিদ্ধিলাভের পরই এই পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে বটকৃষ্ণের সুযোগ্য পুত্র কালিপদ অধিকারী, যিনি পণ্ডিত শিবানন্দপুরী নামেও পরিচিত, পঞ্চমুণ্ডির আসনে সাধনা করেন। সারা বছরই অধিকারী পরিবারের এই বৈষ্ণব বাড়িতে পূজিতা হন সবুজ কালী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss