
সিওল: ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ ডিজিটাল স্ট্রাটেজি ঘোষণা করল বিশ্বব্যাঙ্ক গোষ্ঠী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ, ডিজিটাল পরিষেবা এবং কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কৌশল গ্রহণ করেছে সংস্থাটি। মঙ্গলবার, ২০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিওলে এই কৌশল ঘোষণা করা হয়। উন্নয়নশীল দেশগুলিকে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি পরিষেবার মান উন্নত করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য।
বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর প্রেসিডেন্ট অজয় বাঙার বক্তব্য, ডিজিটাল প্রযুক্তি দেশগুলিকে কর্মসংস্থান তৈরি করতে এবং সীমিত সম্পদের আরও কার্যকর ব্যবহার করতে সাহায্য করতে পারে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগাতে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ, সাশ্রয়ী ডিজিটাল যন্ত্র, প্রয়োজনীয় দক্ষতা এবং মানুষের কাজে লাগে এমন পরিষেবা সবকিছুর সমন্বয় প্রয়োজন। নতুন কৌশলে এই বিষয়গুলিকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বব্যাঙ্কের হিসাব অনুযায়ী, আগামী ১০ থেকে ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলিতে প্রায় ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছবেন। একই সময়ে এই দেশগুলির অর্থনীতিতে আনুমানিক ৪২ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ফলে বিপুল সংখ্যক তরুণের জন্য কাজের সুযোগ তৈরি করা উন্নয়নশীল দেশগুলির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ডিজিটাল প্রযুক্তি ও এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির কাজে ব্যবহার করার উপর জোর দিচ্ছে বিশ্বব্যাঙ্ক।
ডিজিটাল কৌশলের চারটি প্রধান ক্ষেত্র
বিশ্বব্যাঙ্কের নতুন কৌশলে চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমত, নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের বিস্তার। আন্তর্জাতিক কেবল নেটওয়ার্ক থেকে শুরু করে জাতীয় যোগাযোগ ব্যবস্থা এবং বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত সংযোগের ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ এবং বিভিন্ন সংস্থার অংশীদারিত্বকে কাজে লাগানোর কথাও বলা হয়েছে।
দ্বিতীয়ত, স্মার্টফোন ও ইন্টারনেট পরিষেবাকে সাশ্রয়ী করা। অনেক মানুষের কাছে নেটওয়ার্ক থাকলেও স্মার্টফোন বা ডেটার খরচ বহন করা কঠিন। সেই বাধা কমাতে প্রস্তুতকারক সংস্থা, মোবাইল পরিষেবা প্রদানকারী, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবহৃত যন্ত্র পুনর্ব্যবহারের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তৃতীয়ত, ডিজিটাল পরিষেবা ও দক্ষতার প্রসার। ডিজিটাল পরিচয়, অনলাইন পেমেন্ট এবং নিরাপদ তথ্য আদানপ্রদানের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষ ও ছোট ব্যবসার ডিজিটাল দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণ সহজ করা এবং প্রযুক্তিকে উৎপাদনশীল কাজে ব্যবহার করার সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
চতুর্থত, এআই ব্যবহারের জন্য দেশগুলিকে প্রস্তুত করা। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো, কম্পিউটিং ক্ষমতা, স্থানীয় তথ্যভান্ডার এবং দক্ষ মানবসম্পদ তৈরি করা। স্থানীয় প্রয়োজন অনুযায়ী এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃষি, স্বাস্থ্য ও শিল্পে এআই ব্যবহারের পরিকল্পনা
বিশ্বব্যাঙ্কের মতে, ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ শুধু তথ্যপ্রযুক্তি শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, পরিকাঠামো, জ্বালানি এবং উৎপাদনশিল্পেও এর ব্যবহার কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে পারে।
কৃষিক্ষেত্রে এআই-ভিত্তিক সরঞ্জাম ফসলের রোগ শনাক্ত করতে সাহায্য করতে পারে। স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের কাজ সহজ করা এবং ছোট ব্যবসায় মজুত ব্যবস্থাপনার মতো কাজেও নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী তৈরি এআই সরঞ্জাম ব্যবহার করা সম্ভব। এই ধরনের ছোট ও নির্দিষ্ট কাজের উপযোগী এআই প্রযুক্তিকে বিশ্বব্যাঙ্ক ‘স্মল এআই’ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থার বক্তব্য, স্থানীয় প্রয়োজন ও পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি ব্যবহার করা গেলে উন্নয়নশীল দেশগুলির পক্ষে তার সুবিধা পাওয়া সহজ হবে। পাশাপাশি ব্যবসার বাজারে পৌঁছনোর সুযোগ বাড়ানো, উৎপাদনশীলতা উন্নত করা এবং সরকারি পরিষেবা দেওয়ার খরচ কমানোর সম্ভাবনাও রয়েছে।
এখনও ইন্টারনেটের বাইরে ২০০ কোটির বেশি মানুষ
ডিজিটাল প্রযুক্তির প্রসার ঘটলেও বিশ্বজুড়ে সংযোগের বৈষম্য এখনও বড় সমস্যা। বিশ্বব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালেও বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ ইন্টারনেটের বাইরে ছিলেন। নিম্ন আয়ের দেশগুলিতে ইন্টারনেট ব্যবহারের হার ছিল মাত্র ২৩ শতাংশ। তুলনায় উচ্চ আয়ের দেশগুলিতে এই হার ৯৪ শতাংশ।
এই ব্যবধান কমাতে শুধু নেটওয়ার্ক তৈরি করাই যথেষ্ট নয়। ইন্টারনেট পরিষেবার খরচ, ডিজিটাল যন্ত্রের সহজলভ্যতা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিষেবাও গুরুত্বপূর্ণ। নতুন কৌশলে এই বাধাগুলি দূর করার উপর জোর দেওয়া হয়েছে।
এআই পরিকাঠামোয় নতুন উদ্যোগ
ডিজিটাল কৌশলের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিতে এআই ব্যবহারের জন্য সাশ্রয়ী কম্পিউটিং পরিকাঠামো গড়ে তুলতে ‘এআই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেডিনেস ইনিশিয়েটিভ’ ঘোষণা করেছে বিশ্বব্যাঙ্ক গোষ্ঠী। এর লক্ষ্য, উদীয়মান অর্থনীতির দেশগুলিকে প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া এবং ‘স্মল এআই’-এর বাস্তব প্রয়োগ বাড়ানো।
এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য আফ্রিকা ও লাতিন আমেরিকা। যৌথভাবে ব্যবহারযোগ্য জিপিইউ পরিকাঠামোর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং পরিষেবা নেওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রতিটি দেশকে নিজস্ব পৃথক বৃহৎ ডেটা সেন্টার গড়ে তোলার উপর নির্ভর করতে হবে না।
বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর নতুন ডিজিটাল কৌশলে তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থার লক্ষ্য, ডিজিটাল সংযোগকে শুধু প্রযুক্তিগত সুবিধা হিসেবে না দেখে উন্নত পরিষেবা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা।


