
শিলিগুড়ি: কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার সন্ধানে এবার উত্তরবঙ্গের মাটিতে শুরু হল বিরল সাদা স্ট্রবেরির পরীক্ষামূলক চাষ। এতদিন লাল স্ট্রবেরির চাষ পরিচিত হলেও এবার সেই পরিচিতির বাইরে গিয়ে বিদেশি সাদা স্ট্রবেরি উৎপাদনের উদ্যোগ নিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। শিলিগুড়ির পতিরাম জোতে কয়েকজন কৃষককে সঙ্গে নিয়ে শুরু হয়েছে এই অভিনব পরীক্ষা। উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের COFAM বিভাগ।
মূলত উত্তরবঙ্গের মাটি, জলবায়ু ও তাপমাত্রার সঙ্গে বিদেশি এই ফল কতটা মানিয়ে নিতে পারে, তা খতিয়ে দেখাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য। গত বছর পুনেতে পরীক্ষামূলক চাষে আশাব্যঞ্জক ফল পাওয়ার পর এবার উত্তরবঙ্গের সমতল এলাকাতেও সাদা স্ট্রবেরি উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে সাদা স্ট্রবেরির যথেষ্ট পরিচিতি থাকলেও দেশের কৃষিক্ষেত্রে এই ফলের চাষ এখনও সীমিত। এর অন্যতম আকর্ষণীয় দিক হল সম্ভাব্য বাজারমূল্য। প্রাথমিক তথ্য অনুযায়ী, আকার ও গুণমানের ভিত্তিতে একটি সাদা স্ট্রবেরির দাম ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত হতে পারে। সেই হিসেবে প্রতি কেজি ফলের দাম হাজার টাকা বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অল্প জমিতে এই উচ্চমূল্যের ফল উৎপাদন সম্ভব হলে কৃষকদের সামনে খুলে যেতে পারে বাড়তি আয়ের নতুন দরজা।
সাধারণ স্ট্রবেরির মতোই বেলে-দোআঁশ মাটিতে বেড তৈরি করে জৈব সার প্রয়োগের মাধ্যমে এই ফলের চারা রোপণ করা সম্ভব। প্রাথমিক ধারণা অনুযায়ী, উপযুক্ত পরিবেশ বজায় থাকলে চারা লাগানোর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ফল আসতে পারে। তবে এই চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তরবঙ্গের সমতল এলাকার গ্রীষ্মকালীন তাপমাত্রা।
বিশেষজ্ঞদের মতে, সাদা স্ট্রবেরি চাষের জন্য আনুমানিক ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল। অথচ গ্রীষ্মকালে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে অতিরিক্ত গরমে গাছের বৃদ্ধি, ফুল আসা এবং ফলের গুণমান কতটা বজায় রাখা সম্ভব হবে, তা নিয়েই চলছে পর্যবেক্ষণ।
এই প্রসঙ্গে COFAM বিভাগের টেকনিক্যাল অফিসার অমরেন্দ্র পান্ডে জানিয়েছেন, উত্তরবঙ্গের আবহাওয়ায় সাদা স্ট্রবেরির অভিযোজন ক্ষমতা যাচাই করার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। গবেষকদের পরিকল্পনা শুধু ফল উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে উত্তরবঙ্গকে এই ফলের চারা উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনাও রয়েছে।
অমরেন্দ্র পান্ডের বক্তব্য অনুযায়ী, শিলিগুড়ির সমতলে ফল উৎপাদনের পাশাপাশি মংপু ও মিরিকের মতো অপেক্ষাকৃত শীতল এলাকায় ডটার প্ল্যান্ট বা নতুন চারা তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে দেশে সাদা স্ট্রবেরির চারা সহজে পাওয়া যায় না। পাশাপাশি প্ল্যান্টিং ম্যাটেরিয়ালের দামও তুলনামূলকভাবে বেশি। তাই উত্তরবঙ্গেই চারা উৎপাদন সম্ভব হলে কৃষকদের উৎপাদন খরচ কমবে। একইসঙ্গে অন্য রাজ্যে চারা সরবরাহের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্রও তৈরি হতে পারে।
সব মিলিয়ে, পতিরাম জোতে শুরু হওয়া সাদা স্ট্রবেরির এই পরীক্ষামূলক চাষের সাফল্যের দিকেই তাকিয়ে রয়েছেন কৃষক ও গবেষকরা। পরীক্ষা সফল হলে আগামী দিনে উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে যুক্ত হতে পারে এক নতুন উচ্চমূল্যের ফল। লাল স্ট্রবেরির পাশাপাশি সাদা স্ট্রবেরিও হয়ে উঠতে পারে কৃষকদের আয়ের নতুন হাতিয়ার।


