
কলকাতা: কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে সামনে রেখে বাজি পোড়ানো এবং বিক্রির ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে বাজি পোড়ানো যাবে না। হাসপাতাল, নার্সিংহোম, বৃদ্ধাশ্রম-সহ নীরব এলাকার ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানোও নিষিদ্ধ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই নির্দেশিকার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ।
স্বরাষ্ট্রসচিব জানান, আদালতের নির্দেশ মেনে কালীপুজো ও দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এই সময়সীমার মধ্যেও কেবলমাত্র শংসাপত্রপ্রাপ্ত সবুজ বাজি ব্যবহারের অনুমতি থাকবে। নির্ধারিত সময়ের আগে বা পরে বাজি পোড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্ধারিত শব্দসীমা মেনে চলাও বাধ্যতামূলক।
শব্দদূষণ নিয়ন্ত্রণে বাজির শব্দমাত্রার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। শব্দ তৈরি করে এমন বাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং আলোর বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল বলে জানানো হয়েছে। হাসপাতাল, নার্সিংহোম, বৃদ্ধাশ্রম এবং অন্যান্য নীরব এলাকার ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই বিধি কার্যকর করতে পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে রাজ্য সরকার।
বাজির বাজার বসানোর ক্ষেত্রেও নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নির্দিষ্ট জায়গায় বাজার বসাতে হবে। দোকানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সহ প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মানতে হবে। বাজি তৈরি, মজুত, পরিবহণ, বিক্রি এবং ব্যবহারের প্রতিটি পর্যায়ে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বেআইনি বাজির কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। অনুমোদনহীন বাজি বিক্রি বা ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করা হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের দিনগুলিতে নজরদারি ও পুলিশি টহল বাড়ানোর কথাও জানিয়েছে প্রশাসন।
রাজ্য সরকারের বক্তব্য, উৎসবের আনন্দ বজায় রেখেই পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষের কথা মাথায় রেখে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার উপর জোর দিয়েছে নবান্ন।


