
নয়াদিল্লি: দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার ভিত আরও মজবুত করতে সরকারি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। শুধু জাতীয় স্তরে নয়, রাজ্য, জেলা এমনকি গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে ৪,৩৭১.১০ কোটি টাকার একটি প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ‘বিকশিত ভারত ইনিশিয়েটিভ ফর স্ট্যাটিস্টিক্যাল ট্রান্সফরমেশন, অ্যানালিটিক্স অ্যান্ড রিসার্চ’ বা সংক্ষেপে ‘ভিস্তার’ প্রকল্পের মাধ্যমে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আরও কার্যকর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক নজরে ভিস্তার প্রকল্প
বরাদ্দ: ৪,৩৭১.১০ কোটি টাকা।
মেয়াদ: ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ।
লক্ষ্য: এআই, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত সমীক্ষার মাধ্যমে দেশের পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকীকরণ।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই কেন্দ্রীয় প্রকল্পে অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে। সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং উন্নত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) অধীন তথ্য ব্যবস্থাপনা ও পরিসংখ্যান সংক্রান্ত কাজকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, তথ্য যাতে সময়মতো পাওয়া যায়, তার নির্ভুলতা বাড়ে এবং দেশের বিভিন্ন প্রান্তের বাস্তব পরিস্থিতি আরও সূক্ষ্মভাবে বোঝা যায়, সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন সরকারি দফতরের তথ্যের মধ্যে সামঞ্জস্য তৈরি এবং তথ্য আদানপ্রদানের ব্যবস্থাও উন্নত করা হবে। এর ফলে নীতি নির্ধারণের ক্ষেত্রে অনুমানের বদলে নির্ভরযোগ্য পরিসংখ্যানের ব্যবহার বাড়বে বলে মনে করছে কেন্দ্র।
সমীক্ষার সংখ্যা বাড়ছে, নতুন সূচকও
‘ভিস্তার’ প্রকল্পের তিনটি প্রধান অংশ রয়েছে বিস্তৃত পরিসংখ্যানিক কার্যক্রম ও পরিসংখ্যান ব্যবস্থার শক্তিশালীকরণ, রাজ্যগুলিকে পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে সহায়তা এবং অর্থনৈতিক জনগণনা।
প্রথম অংশের অধীনে ১৬তম অর্থ কমিশনের মেয়াদে ৫৯টি সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে পরিসংখ্যান মন্ত্রক। আগের পর্যায়ে ৪৩টি বড় সমীক্ষা হয়েছিল। অর্থাৎ, বিভিন্ন ক্ষেত্রের তথ্যের ঘাটতি চিহ্নিত করে আরও বিস্তৃত সমীক্ষার মাধ্যমে সরকারি নীতি ও প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
পরিসংখ্যান তৈরির গোটা প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি তথ্য যাচাই, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণে এআই এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার বাড়ানো হবে। নতুন কয়েকটি অর্থনৈতিক সূচক চালুর পরিকল্পনাও রয়েছে। তার মধ্যে রয়েছে পরিষেবা উৎপাদনের সামগ্রিক সূচক ‘হেডলাইন ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন’ এবং অসংগঠিত ক্ষেত্রের সংস্থাগুলির কার্যকলাপ পরিমাপের সূচক ‘ইনডেক্স অফ আনইনকরপোরেটেড সেক্টর এন্টারপ্রাইজেস’।
তথ্য সংগ্রহের ক্ষেত্রে মোবাইল ফোন, স্ক্যানার এবং ই-কমার্সের মতো বিকল্প উৎস থেকেও তথ্য নেওয়া হবে। প্রচলিত সমীক্ষার পাশাপাশি এই তথ্য ব্যবহার করলে অর্থনীতির এমন কিছু ক্ষেত্রের হালচাল জানা সম্ভব হবে, যেগুলি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়া কঠিন। একই সঙ্গে সাধারণ মানুষের উপর সমীক্ষার চাপ কমানো এবং তথ্যের ফাঁক পূরণের লক্ষ্য রয়েছে। তথ্যের তালিকাভুক্তি, যন্ত্রপাঠযোগ্য বিন্যাস, বিভিন্ন ব্যবস্থার মধ্যে তথ্যের সামঞ্জস্য এবং তথ্য ভাগ করে নেওয়ার নিয়মও আরও সুসংহত করা হবে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।
রাজ্য ও জেলা স্তরে তথ্য সংগ্রহে জোর
প্রকল্পের দ্বিতীয় অংশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হবে। ‘সাপোর্ট ফর স্ট্যাটিস্টিক্যাল স্ট্রেংদেনিং’ বা এসএসএস-এর নতুন কাঠামো ‘এসএসএস ২.০’-তে নির্দিষ্ট কাজের অগ্রগতির সঙ্গে আর্থিক সহায়তাকে যুক্ত করা হবে। রাজ্য ও জেলা স্তরে নির্ভরযোগ্য এবং বিস্তারিত পরিসংখ্যান তৈরি করাই এর উদ্দেশ্য।
জেলা এবং দশ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির জন্য পৃথক অর্থনৈতিক ও সামাজিক তথ্য তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেবে কেন্দ্র। পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষা (PLFS), গৃহস্থালির ভোগব্যয় সমীক্ষা (HCES) এবং অসংগঠিত ক্ষেত্রের সংস্থাগুলির বার্ষিক সমীক্ষা (ASUSE)-এর মতো জাতীয় সমীক্ষার মাধ্যমে এই তথ্য আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া রাজ্য ও জেলা স্তরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির হিসাব তৈরি এবং রাজ্যভিত্তিক শিল্প উৎপাদন সূচক (IIP) প্রস্তুত করার কাজেও সহায়তা দেওয়া হবে। এর ফলে জাতীয় গড়ের আড়ালে থাকা বিভিন্ন জেলা ও অঞ্চলের অর্থনৈতিক পার্থক্য আরও স্পষ্টভাবে বোঝা যাবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনা তৈরিতেও এই তথ্য কাজে লাগবে বলে মনে করছে সরকার।
অসংগঠিত অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পেতে অষ্টম জনগণনা
‘ভিস্তার’ প্রকল্পের তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ অষ্টম অর্থনৈতিক জনগণনা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় এই জনগণনা পরিচালনা করবে পরিসংখ্যান মন্ত্রক। দেশের অসংগঠিত অর্থনীতির বিস্তৃতি ও কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই জনগণনায় কৃষি-বহির্ভূত অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সেখানে কর্মরত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের পরিসর থাকবে গ্রাম পঞ্চায়েত থেকে শহরের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত। ছোট ব্যবসা, পরিষেবা সংস্থা এবং অন্যান্য অসংগঠিত প্রতিষ্ঠানের সংখ্যা ও কর্মসংস্থানের চিত্র বোঝার ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অর্থনৈতিক জনগণনায় সংগৃহীত তথ্যের ভিত্তিতে জাতীয় পরিসংখ্যানিক ব্যবসা-প্রতিষ্ঠান নিবন্ধন বা ‘ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার’ তৈরির পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির একটি সুসংহত তথ্যভাণ্ডার গড়ে তোলা যাবে। ভবিষ্যতে নির্দিষ্ট ক্ষেত্রের উপর সমীক্ষা চালানো এবং প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই নিবন্ধন কাজে লাগবে।
প্রকল্পে গবেষণা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে গবেষণার প্রস্তাব নেওয়ার ব্যবস্থা থাকবে।
দেশের অর্থনৈতিক পরিকল্পনা থেকে শুরু করে কর্মসংস্থান, শিল্প, পরিষেবা এবং স্থানীয় উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশেষত অসংগঠিত অর্থনীতির বিস্তার, জেলা স্তরের বৈষম্য এবং দ্রুত বদলে যাওয়া পরিষেবা ক্ষেত্রের প্রকৃত চিত্র বুঝতে পুরনো তথ্য সংগ্রহ পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে। ‘ভিস্তার’ প্রকল্পের মাধ্যমে সেই ঘাটতি কতটা পূরণ করা যায়, তার উপরই নির্ভর করবে এই উদ্যোগের সাফল্য।
সূত্র: পিআইবি


