
নয়াদিল্লি: বয়সের ব্যবধান ঘুচিয়ে প্রবীণ ও তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বয়ো সম্মান রাষ্ট্রীয় অভিযান’ নামে এই জাতীয় কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার। বুধবার রাজধানী দিল্লিতে অটল বয়ো অভ্যুদয় যোজনা (এভিওয়াইএওয়াই)-র অধীনে এই অভিযানের সূচনা হবে।
প্রবীণদের যত্ন, সামাজিক সুরক্ষা এবং সমাজের মূল স্রোতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে তরুণ ও প্রবীণদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চায় কেন্দ্র। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রজন্মের মধ্যে এই সংযোগকে বিচ্ছিন্ন কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশজুড়ে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবীণদের কেবল সরকারি সাহায্যের উপভোক্তা হিসেবে নয়, সমাজের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও প্রতিষ্ঠা করতে চায় সরকার।
এই কর্মসূচিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে নিয়মিত কথাবার্তা, অভিজ্ঞতা বিনিময় এবং একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করা হবে।
বাড়ছে প্রবীণ জনসংখ্যা, প্রয়োজন নতুন সামাজিক উদ্যোগ
ভারতে জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোয় দ্রুত পরিবর্তন ঘটছে। প্রবীণ নাগরিকের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে দেশে ৬০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি। ২০৩৬ সালের মধ্যে তা বেড়ে প্রায় ২৩ কোটি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট জনসংখ্যার অনুপাতে প্রবীণদের অংশও ৮.৪ শতাংশ থেকে বেড়ে ১৪.৯ শতাংশে পৌঁছতে পারে।
অন্যদিকে, নগরায়ণ, কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের চলে যাওয়া, পরিবারের গঠন বদলে যাওয়া এবং সামাজিক জীবনে পরিবর্তনের কারণে বহু ক্ষেত্রে বিভিন্ন প্রজন্মের মানুষের নিয়মিত যোগাযোগ কমছে। এর ফলে অনেক প্রবীণ নাগরিক একাকিত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের পাশে পরিবার ও সমাজের সহযোগিতামূলক পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন দেখা দিয়েছে।
মন্ত্রকের বক্তব্য, প্রবীণদের জীবন অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। একই সঙ্গে প্রযুক্তি সম্পর্কে তরুণদের ধারণা, উদ্যম এবং আধুনিক দৃষ্টিভঙ্গি প্রবীণদের দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে। তাই দুই প্রজন্মকে পরস্পরের কাছাকাছি আনার উপর জোর দেওয়া হচ্ছে। প্রবীণদের শুধু কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী হিসেবে না দেখে তাঁদের পরামর্শদাতা, অভিজ্ঞতার ভাণ্ডার এবং সমাজের সক্রিয় অবদানকারী হিসেবে তুলে ধরাই এই অভিযানের ভাবনা।
পাঁচটি ‘সি’ মডেলে সাজানো হয়েছে অভিযান
‘বয়ো সম্মান রাষ্ট্রীয় অভিযান’-এর মূল কাঠামো তৈরি হয়েছে পাঁচটি ‘সি’ বা 5C মডেলের ভিত্তিতে। এগুলি হল—কানেক্ট, কনভার্স, কো-ক্রিয়েট, কন্ট্রিবিউট এবং কন্টিনিউ। অর্থাৎ সংযোগ তৈরি, কথোপকথন, যৌথ উদ্যোগ, অবদান এবং ধারাবাহিকতা—এই পাঁচটি ধাপের মাধ্যমে প্রজন্মের মধ্যে সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই পাঁচটি বিষয়ের কর্মপরিকল্পনাও নির্দিষ্ট করা হয়েছে।
কানেক্ট (Connect): শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রবীণ ও তরুণদের নিয়মিত যোগাযোগের সুযোগ তৈরি করা।
কনভার্স (Converse): গল্প বলা, জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে দুই প্রজন্মের মধ্যে বোঝাপড়া বাড়ানো।
কো-ক্রিয়েট (Co-create): প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের দক্ষতাকে কাজে লাগিয়ে যৌথ সৃজনশীল কাজ, প্রকল্প এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গড়ে তোলা।
কন্ট্রিবিউট (Contribute): সমাজের উন্নয়ন ও জনকল্যাণে দুই প্রজন্মের মানুষ যাতে নিজেদের জ্ঞান, দক্ষতা, সময় ও সামর্থ্য কাজে লাগাতে পারেন, সেই সুযোগ তৈরি করা।
কন্টিনিউ (Continue): এককালীন কর্মসূচির পরিবর্তে নিয়মিত ও ধারাবাহিকভাবে এই যোগাযোগ বজায় রাখা এবং স্থানীয় স্তরে একে সামাজিক অভ্যাসে পরিণত করা।
মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি বিষয়ভিত্তিক কর্মসূচির মাধ্যমে এই অভিযান বাস্তবায়িত হবে। তার মধ্যে রয়েছে ‘৩০ মিনিটস টুগেদার’, ‘টিচ মি—আই উইল টিচ ইউ’, ‘মাই স্টোরি, মাই ইন্ডিয়া’, ‘ডিজিটাল দাদু-দিদা/ডিজিটাল সাথী’, ‘জেনারেশন হেলথ অ্যান্ড ওয়েলনেস’ এবং ‘সিলভার স্কিলস—সিনিয়র্স অ্যাজ মেন্টরস’।
এই কর্মসূচিগুলির মাধ্যমে প্রবীণদের সঙ্গে সময় কাটানো, তাঁদের জীবনের অভিজ্ঞতা ও দেশের ইতিহাস-সংস্কৃতির গল্প শোনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শেখানো, স্বাস্থ্য সচেতনতা, সুস্থ জীবনযাপন, দক্ষতা বিনিময় এবং পরামর্শদানের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রবীণদের পাশে দাঁড়াতে তরুণদের উৎসাহিত করা হবে। অনলাইন পরিষেবা গ্রহণ, ডিজিটাল লেনদেন এবং সম্ভাব্য সাইবার প্রতারণা চিহ্নিত করার বিষয়েও তাঁদের সাহায্য করবেন স্বেচ্ছাসেবকেরা। প্রযুক্তিনির্ভর পরিষেবার যুগে প্রবীণদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা বাড়ানোই এর উদ্দেশ্য।
১৮ বছর হলেই হওয়া যাবে ‘বয়ো সাথী’ স্বেচ্ছাসেবক
অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘বয়ো সাথী’ (Vayo SAATHI)। এর পূর্ণরূপ—সাপোর্ট, অ্যাওয়ারনেস, অ্যাসিস্ট্যান্স, ট্রেনিং, হেলথ অ্যান্ড ইনক্লুশন। প্রবীণদের কল্যাণ, মর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের একটি সংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৮ বছর বা তার বেশি বয়সি যে কোনও নাগরিক এই কর্মসূচিতে যোগ দিতে পারবেন। পড়ুয়া, কর্মরত যুবক-যুবতী, পেশাজীবী, স্থানীয় স্বেচ্ছাসেবক, নাগরিক সমাজের সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নিতে পারবেন।
স্বেচ্ছাসেবকদের প্রবীণদের বন্ধু, সহায়ক এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করার আহ্বান জানানো হবে। সরকারি পরিষেবা ও কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া, স্থানীয় সামাজিক কর্মসূচিতে যুক্ত করা, ডিজিটাল পরিষেবা ব্যবহারে সাহায্য করা এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করাও তাঁদের কাজের মধ্যে থাকবে।
আগ্রহীরা সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার (এসসিডব্লিউ) সমাবেশ পোর্টাল অথবা ‘জীবন’ অ্যাপের মাধ্যমে ‘বয়ো সাথী’ স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন। নথিভুক্ত স্বেচ্ছাসেবকদের তাঁদের অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘বয়ো সাথী’ শংসাপত্র দেওয়া হবে। স্বেচ্ছাসেবার কাজকে আরও সংগঠিত, সহজলভ্য এবং দেশজুড়ে সম্প্রসারণযোগ্য করে তোলাই এই ব্যবস্থার লক্ষ্য।
প্রকাশিত হবে নির্দেশিকা, দুটি সংস্থার সঙ্গে চুক্তি
অভিযানের সূচনা অনুষ্ঠানে ড. বীরেন্দ্র কুমার ‘বয়ো সম্মান রাষ্ট্রীয় অভিযান’-এর একটি নির্দেশিকাও প্রকাশ করবেন। এই হ্যান্ডবুকে কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়নের পদ্ধতি, বিভিন্ন বিষয়ভিত্তিক উদ্যোগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণের প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
কেন্দ্র, রাজ্য, জেলা এবং স্থানীয় স্তরের প্রতিষ্ঠানগুলির কী ভূমিকা থাকবে, তারও রূপরেখা থাকবে নির্দেশিকায়। শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য অংশীদারদের কীভাবে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় দিশা দেওয়া হবে।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের সঙ্গে দুটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। একটি শ্রী রামচন্দ্র মিশন (এসআরসিএম) এবং অন্যটি যোধপুরের অধ্যাত্ম বিজ্ঞান সৎসঙ্গ কেন্দ্রের (এভিএসকে) সঙ্গে।
এই দুই সংস্থার সঙ্গে অংশীদারির মাধ্যমে প্রবীণদের সামগ্রিক সুস্থতার জন্য ধ্যান, যোগ এবং অন্যান্য স্বাস্থ্য ও সুস্থতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় স্তরে বিভিন্ন সামাজিক উদ্যোগ, সচেতনতা কর্মসূচি, শপথ গ্রহণ এবং পদযাত্রার মাধ্যমে প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হবে।
প্রবীণদের কল্যাণে নাগরিক সমাজের সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো এবং সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করার লক্ষ্যেই এই অংশীদারির উদ্যোগ।
সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে যোগ দেওয়ার আহ্বান
‘বয়ো সম্মান রাষ্ট্রীয় অভিযান’-এ অংশ নেওয়ার জন্য নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, আবাসিক কল্যাণ সমিতি, স্থানীয় প্রতিষ্ঠান এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কর্মসূচির অংশীদারদের আহ্বান জানিয়েছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতর। একই সঙ্গে আগ্রহীদের ‘বয়ো সাথী’ স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
কেন্দ্রের লক্ষ্য, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রবীণদের জন্য আরও সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তোলা। যাতে তাঁরা সম্মান, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারেন এবং সমাজের নানা কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারেন। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যেও প্রবীণদের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধা বাড়বে বলে আশা করছে মন্ত্রক।
প্রবীণদের কল্যাণ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি প্রজন্মের সম্মিলিত দায়বদ্ধতা—এই বার্তাকেই সামনে রাখতে চায় নতুন অভিযান।
অটল বয়ো অভ্যুদয় যোজনা কী?
অটল বয়ো অভ্যুদয় যোজনা (এভিওয়াইএওয়াই) হল কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রবীণ নাগরিকদের কল্যাণ, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প চালু রয়েছে। এর মাধ্যমে প্রবীণদের সুস্থ, সক্রিয়, মর্যাদাপূর্ণ ও উৎপাদনশীল জীবনযাপনের উপযোগী পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় সহায়তা ও সামাজিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা হয়।
সূত্র ও ছবি : পিআইবি


