E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোমে নবজাতককে জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নবজাতককে জানলা দিয়ে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোমে নবজাতককে জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগের পর ঘটনাস্থলে তদন্তে পুলিশ ছবি প্রতীকী
ছবি প্রতীকী

উত্তরপাড়া: হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নবজাতককে জানলা দিয়ে বাইরে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পেটে ব্যথার অভিযোগ নিয়ে প্রায় ১৬ বছর বয়সি এক নাবালিকাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই নাবালিকা হাওড়ার বাসিন্দা। পরিবারের দাবি, মেয়েটি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে তাঁদের কোনও ধারণাই ছিল না। পেটে ব্যথা শুরু হওয়ায় তাঁরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। নাবালিকার মা বলেন, তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না। মেয়ের পেটে ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন।

অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে ওই নাবালিকা নিজেই হেঁটে শৌচাগারে যায়। সেখানেই সে একটি সন্তানের জন্ম দেয়। এরপর সদ্যোজাতকে জানলা দিয়ে বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

স্থানীয় এক যুবকের বক্তব্য অনুযায়ী, তিনি নার্সিংহোমের কাছেই কাজ করছিলেন। আচমকাই উপর থেকে কিছু পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, মাটিতে একটি সদ্যোজাত শিশু পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। এরপর নার্সিংহোমের এক নার্স বাইরে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভিতরে নিয়ে যান।

নার্সিংহোমের চিকিৎসক ডাঃ সুচেতা মুখোপাধ্যায় জানান, শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ পেটে ব্যথার অভিযোগ নিয়ে ওই নাবালিকাকে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তার রক্ত পরীক্ষাও করা হয়। পেটে ব্যথা বাড়লেও সে নিজেই হেঁটে শৌচাগারে যায় এবং সেখানেই সন্তানের জন্ম দেয়। চিকিৎসকের অভিযোগ, এরপর নাবালিকা শিশুটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। চিকিৎসকের দাবি, নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রাখতে এবং স্বাভাবিক থাকার চেষ্টা করতেই এমন ঘটনা ঘটিয়েছে ওই নাবালিকা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, নার্সিংহোমের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে নাবালিকা, তার পরিবার এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss