
কন্যাকুমারী: কলেজছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলা থেকে গ্রেফতার হলেন তামিলগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক নেতা। ধৃতের নাম ক্রিস্টোফার। তিনি দলের কেন্দ্রীয় জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা গিয়েছে। তক্কালাই এলাকায় এক কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নাগেরকয়েলের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এমএ-র ছাত্রী এক বান্ধবীর সঙ্গে বাসের অপেক্ষায় ছিলেন। তাঁর ওই বান্ধবীও টিভিকে-র সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। সেই সময় গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে বৃষ্টির কথা উল্লেখ করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ক্রিস্টোফার।
অভিযোগ, প্রথমে ওই ছাত্রীর বান্ধবীকে নামিয়ে দেওয়ার পর তাঁকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে মাঝরাস্তায় গাড়ি থামান ক্রিস্টোফার। সেখানেই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী। এরপর পরিবারের পক্ষ থেকে তক্কালাই থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের বক্তব্য, মামলা দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত ক্রিস্টোফারকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার অন্য দিকগুলি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে কন্যাকুমারী জেলা পুলিশ।


