
শান্তিপুর: রাস্তার ধারে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল একটি কচ্ছপ। সেটিকে দেখতে পেয়ে দেরি না করে উদ্ধার করলেন স্থানীয় এক যুবক। পরে বনদপ্তরের কর্মীদের খবর দিয়ে তাঁদের হাতে কচ্ছপটি তুলে দেন তিনি। মঙ্গলবার সকালে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট রোড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাস্তার পাশে কচ্ছপটিকে ঘোরাফেরা করতে দেখেন ওই যুবক। প্রাণীটির নিরাপত্তার কথা ভেবে তিনি সেটিকে সেখান থেকে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে একটি পাত্রে জল রেখে কচ্ছপটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেন। এরপর বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের হাতে কচ্ছপটি তুলে দেওয়া হয়। যুবকের এই উদ্যোগে বন্যপ্রাণী রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা উঠে এসেছে।
ওই যুবকের বক্তব্য, বন্যপ্রাণীদের সুরক্ষার দায়িত্ব সমাজের প্রত্যেকের। কোনও প্রাণীকে অকারণে আঘাত না করে বিপদে পড়লে তাকে নিরাপদে রাখার ব্যবস্থা করা উচিত। স্থানীয় স্তরে তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।


