
শিলিগুড়ি: দীপাবলির আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের মরশুমে বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াতে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
পাশাপাশি চা শ্রমিকদের পরিবার পিছু ৩৫ কেজির পরিবর্তে ৫০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো, দীপাবলি, ভাইফোঁটা কিংবা ছটপুজোর মতো উৎসবে বন্ধ চা বাগানের শ্রমিকরা কোনও বোনাস পান না। সেই কথা মাথায় রেখেই রাজ্যের ১৯ হাজার ৫২৪ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাঁর দাবি, মঙ্গলবারই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।
চা শ্রমিকদের রেশন ব্যবস্থাতেও বাড়তি সুবিধার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, দীপাবলি উপলক্ষে চা শ্রমিকদের পরিবার পিছু ৩৫ কেজির পরিবর্তে ৫০ কেজি করে চাল দেওয়া হবে। শুধু উৎসবের সময় নয়, আগামী দিনেও যাতে প্রতি মাসে পরিবার পিছু ৫০ কেজি চাল দেওয়া সম্ভব হয়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ ও চালু উভয় ধরনের চা বাগানের শ্রমিকদের জন্য এই অতিরিক্ত রেশন ব্যবস্থা চালু হতে পারে।
এদিন উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি পুনরায় খোলার বিষয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, উত্তরবঙ্গে এখনও বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে। সেগুলি দ্রুত খোলার উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জব কার্ড তৈরি করার পরামর্শও দেন তিনি।
কয়েকটি চা বাগান ইতিমধ্যেই খুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় শীঘ্রই বিভিন্ন কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
বন্ধ চা বাগানগুলিকে পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।


