
হুগলি: হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তির মুখ দেখলেন ৬০ জন মালিক। সোমবার তারকেশ্বর থানার উদ্যোগে আয়োজিত ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে মোট ৬০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। পুলিশের বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সেগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়।
হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ ও বিশ্বাস আরও দৃঢ় করাই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তারকেশ্বর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা।


