
ঠাকুরনগর: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা। সম্মেলন শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে। আর সেই আয়োজনকে ঘিরেই এখন বিশেষ ব্যস্ততা ঠাকুরবাড়িতে। মুখ্যমন্ত্রীর আপ্যায়নের জন্য নিজে হাতে রান্না করেছেন শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বাগদার বিধায়ক সোমা ঠাকুর।
ইলিশ, চিংড়ি থেকে খাসির মাংস—মুখ্যমন্ত্রীর জন্য প্রায় এক ডজন পদে সাজানো হচ্ছে মধ্যাহ্নভোজের থালা। অতিথির আপ্যায়নে রান্নার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন সোমা। তাঁর কথায়, এ দিন তিনি বিধায়ক হিসেবে নয়, বরং গৃহকর্ত্রী হিসেবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য খাবার তৈরি করছেন। শান্তনু ঠাকুর ও সোমা ঠাকুর দু’জনেই এই বিশেষ আয়োজনের কথা জানিয়েছেন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই প্রথম ঠাকুরবাড়ি সফর। সেই সফরকে ঘিরে ঠাকুরনগর ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। সম্মেলন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। গোটা আয়োজনের তদারকি করছেন শান্তনু ঠাকুর।
মতুয়া মহাসংঘ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঠাকুরনগরে পৌঁছে প্রথমে হরিমন্দিরে পুজো ও প্রার্থনা করবেন মুখ্যমন্ত্রী। এরপর সম্মেলনের মূল মঞ্চে উপস্থিত হয়ে সাধু-সন্ত ও ভক্তদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা তাঁর। সম্মেলন শেষে শান্তনু ঠাকুরের বাসভবনে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে মতুয়া সমাজের মধ্যেও বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। প্রশাসনের তরফেও সফরকে কেন্দ্র করে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


