
কলকাতা: সাউথ সিটি মল সংলগ্ন একটি অভিজাত আবাসনের বহুতলে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আবাসনের টাওয়ার টু-এর ২৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন ও পুলিশ। দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে। প্রথমে আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। একে একে আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে।
দমকলকর্মীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বহুতলের বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা। ২৭ তলায় আগুন লাগায় সেখানে পৌঁছনো এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও ছিল কঠিন কাজ। আগুন যাতে আবাসনের অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজর দেওয়া হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
দমকলের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে। হতাহতের খবর নেই। তবে কী কারণে আগুন লাগল এবং অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত ও পরিস্থিতি খতিয়ে দেখার কাজ চলছে।


