
স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৫ নভেম্বর: বিদেশযাত্রার পথে বাধার মুখে পড়ার পর এবার পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে শো-কজ নোটিস পেলেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর (RPO)। বুধবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাসপোর্টের আবেদন করার সময় আবেদনকারীকে সমস্ত তথ্য নির্ভুলভাবে জানাতে হয়। আবেদনপত্রে কোনও তথ্য গোপন করা হয়েছে বা দেওয়া তথ্যে কোনও অসঙ্গতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট এলে নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদনকারীকে শো-কজ নোটিস পাঠানো হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও ব্যাখ্যা পেশ করার সুযোগ দেওয়া হয়।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে শো-কজ নোটিস পাঠিয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর। তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, নিজের বক্তব্য জমা না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্টটি ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, পাসপোর্টের আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা এবং কোনও অসঙ্গতি নজরে এলে তার ব্যাখ্যা চাওয়া একটি প্রতিষ্ঠিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে এই নোটিসের বিষয়ে সৌরভ দাসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


