
স্বস্তিকা অধিকারী, ২৪ নভেম্বর: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছাকে ঘিরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পরই কড়া অবস্থান জানাল ঢাকা। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। সাধারণ যাত্রীর মতো বিমানে চেপে তাঁর বাংলাদেশে ফেরার কোনও সুযোগ নেই। শুধু তাই নয়, হাতকড়া পরিয়ে বন্দি হিসেবেই তাঁকে বাংলাদেশে আনা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে তিনি জানান, হাসিনা কী চাইছেন এবং বাস্তবে কী হতে পারে, তা সম্পূর্ণ আলাদা বিষয়। তাঁর কথায়, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া হাসিনার বাংলাদেশে ফেরার কোনও সুযোগ নেই। তাঁকে ফিরিয়ে আনতে হলে বন্দি হিসেবেই আনতে হবে। অর্থাৎ, ঢাকার বর্তমান সরকারের অবস্থান অনুযায়ী, দেশে ফিরলেও আইনি হেফাজতেই ফিরতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
প্রসঙ্গত, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই উদ্দেশ্যে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের ব্যবস্থা করার আর্জিও জানিয়েছেন তিনি। হাসিনার দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার সময় তাঁকে বাংলাদেশের বিমানেই নিয়ে আসা হয়েছিল। তাই দেশে ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা করা উচিত। তাঁর বক্তব্য, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই কারণে বিজয় দিবসে তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মরণে প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। এই ঐতিহাসিক দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন হাসিনা। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতেই ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। তবে সেই বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে হাসিনা আপত্তি জানিয়েছেন।
হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, অন্যদিকে তাঁকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ ও আইনি প্রক্রিয়ার বাইরে কোনও পথ খোলা রাখতে নারাজ ঢাকা। ফলে আগামী ১৬ ডিসেম্বর হাসিনার বাংলাদেশে ফেরা আদৌ সম্ভব হয় কি না, এখন সেদিকেই নজর।


