
ফারজানা ইয়াসমিন, ২৪ নভেম্বর : উত্তরপ্রদেশের কন্নৌজ জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার স্কুলপড়ুয়ার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন, যাঁদের মধ্যে ২৪ জন পড়ুয়া। মঙ্গলবার, ২৪ নভেম্বর ভোরে একটি দাঁড়িয়ে থাকা স্কুলবাসে দ্রুতগতির ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৬টা নাগাদ ঠাথিয়া এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের। আগ্রার তাজমহল ঘুরে পড়ুয়ারা ওই বাসে করে ফিরছিল। বাসে পড়ুয়া-সহ মোট ৫০ জন ছিলেন। পথে এক্সপ্রেসওয়ের ধারে পড়ুয়াদের শৌচকর্মের সুবিধার জন্য বাসটি দাঁড় করানো হয়েছিল। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসের পিছনের অংশটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর পুলিশকর্মী, উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA)-র কর্মী এবং ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁরাই ক্ষতিগ্রস্ত বাস থেকে পড়ুয়া ও অন্য যাত্রীদের উদ্ধার করেন।
আহতদের উদ্ধার করে তিরওয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ২২ জন পড়ুয়া সামান্য আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, স্কুলের অধ্যক্ষ এবং আরও এক পড়ুয়ার আঘাত গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কানপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কন্নৌজের পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, UPEIDA কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালানো হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


