
সায়ন্ত মাউর ,কলকাতা ,২১ নভেম্বর: রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে প্রকাশিত সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটের অন্তর্গত মোট ৫০টি থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (আইসি) এবং একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার (২০ নভেম্বর) জারি হওয়া পৃথক এক বিজ্ঞপ্তিতে আরও কয়েকজন ইন্সপেক্টর ও শীর্ষ আধিকারিকের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং প্রশাসনিক কাজে গতি আনতেই এই রদবদল করা হয়েছে। ডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডের স্বাক্ষরিত নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য কয়েকটি রদবদল:
* দক্ষিণবঙ্গ ও শহরতলি: বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানার নতুন আইসি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশিস সরকার। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁ এবং পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এ পাঠানো হয়েছে।
* দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় দে এবং নোদাখালি থানার আইসি হয়েছেন গৌতম সাহা। অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার প্রাক্তন আইসি শোভন কর্মকারকে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
* উত্তরবঙ্গ: কোচবিহার কোতোয়ালি থানার নতুন আইসি হয়েছেন সুখময় চক্রবর্তী। দার্জিলিং ডিআইবি-র ইন্সপেক্টর ভূষণ ছেত্রীকে মিরিক থানার আইসি করা হয়েছে এবং মিরিকের প্রাক্তন আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিআইডি-র ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাস ইসলামপুর থানার নতুন আইসি হিসেবে নিযুক্ত হয়েছেন ।
রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদলের তালিকায় বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের
একাধিক গুরুত্বপূর্ণ পদও অন্তর্ভুক্ত রয়েছে। নিয়মমাফিক রুটিন বদলি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
সৌজন্য:- পশ্চিমবঙ্গের পুলিশ স্বরাষ্ট্র দপ্তরে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি।


