
স্বস্তিকা অধিকারী, ২১ নভেম্বর: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরু। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিট নাগাদ দেশটির মধ্যাঞ্চলের আন্দিজ পার্বত্য এলাকায় আঘাত হানে ৬.৭ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল জুনিন শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। যদিও পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (IGP) হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুনিন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২৯ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতা রাজধানী লিমা-সহ দেশের একাধিক অঞ্চলে অনুভূত হয়। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়িঘর ও বহুতল ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন। রাজধানীর মিরাফ্লোরেস এলাকায় কয়েকশো মানুষকে বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এমনকি ভূমিকম্পের সময় পেরুর সংসদ ভবন থেকেও সাংসদদের বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। লিমা ছাড়াও জুনিন, আনকাশ, ইকা, উকায়ালি, সেরো দে পাসকো, হুয়ানুকো এবং কায়াও অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। পেরুর প্রতিরক্ষামন্ত্রী রাফায়েল বেলাউন্দে জানিয়েছেন, জুনিনের কয়েকটি এলাকায় বাড়িঘরের সামান্য ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গিয়েছে। কিছু এলাকায় সড়ক যোগাযোগেও বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। পেরুর জাতীয় জরুরি পরিস্থিতি পরিচালন কেন্দ্র (COEN) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলির উপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া ক্ষয়ক্ষতির খবর যাচাই করছে প্রশাসন। পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের প্রধান হার্নান্দো তাভেরা জানিয়েছেন, ভূমিকম্পের কম্পন যথেষ্ট তীব্র ছিল। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাথর গড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামির কোনও আশঙ্কা নেই। কারণ, ভূমিকম্পের উৎসস্থল ছিল দেশের অভ্যন্তরীণ পার্বত্য এলাকায়। উল্লেখ্য, পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের অন্তর্গত। প্রশান্ত মহাসাগরকে ঘিরে বিস্তৃত এই ভূকম্পনপ্রবণ এলাকায় একাধিক টেকটোনিক পাতের পারস্পরিক সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। চলতি বছরের অগস্ট মাসে পেরুর আন্দিজ পার্বত্য অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে দু’জন আহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুল। তার আগে জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জুনিন-সহ পেরুর বিস্তীর্ণ এলাকা। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।


