
ফারজানা ইয়াসমিন, ২৪ নভেম্বর : পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতির জেরে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ শহরে বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থার তরফে জানানো হয়েছে, জেদ্দা, দাম্মাম এবং রিয়াধগামী ও ওই তিন শহর থেকে ছেড়ে আসা সমস্ত উড়ান আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে।
সোমবার রাতে সংস্থার তরফে প্রকাশিত ট্রাভেল অ্যাডভাইজরিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে টিকিট পুনর্নির্ধারণ এবং সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থাও রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের ৩০ নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য নিশ্চিত টিকিট রয়েছে এবং যাঁদের বুকিং ২৩ নভেম্বর ২০২৬ বা তার আগে করা হয়েছিল, তাঁরা বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। তবে তা নির্ভর করবে আসন ও পরিষেবার প্রাপ্যতার উপর। অন্যদিকে, যাত্রীরা চাইলে উড়ান বাতিল করে সম্পূর্ণ টাকা ফেরতও পেতে পারেন। যোগ্য যাত্রীদের ক্ষেত্রে পরিবর্তিত যাত্রা ১৪ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

বিকল্প যাত্রার ব্যবস্থাও রেখেছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার যাত্রীরা সৌদি আরবের যেসব বিমানবন্দরে সংস্থার পরিষেবা চালু রয়েছে, সেখান থেকে যাত্রার বিকল্প বেছে নিতে পারবেন। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীরা সৌদি আরব অথবা বাহরাইনের যে কোনও সচল পরিষেবা কেন্দ্র থেকে যাত্রা পুনর্নির্ধারণ করতে পারবেন।
টিকিট পরিবর্তন কিংবা টাকা ফেরত সংক্রান্ত সাহায্যের জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রীরা +91 11 69329333 অথবা +91 11 69329999 নম্বরে যোগাযোগ করতে পারবেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীদের জন্য যোগাযোগ নম্বর +91 124 6935600।
আঞ্চলিক পরিস্থিতির কারণে বিমান পরিষেবায় এই সাময়িক পরিবর্তনের জেরে যাঁদের সৌদি আরব যাওয়ার বা সেখান থেকে ফেরার পরিকল্পনা রয়েছে, তাঁদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


