
চন্দননগর: নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষিত করার লক্ষ্যে হুগলি নদীতে অনুষ্ঠিত হল মৎস্য সঞ্চার কর্মসূচি। বুধবার চন্দননগরের রানী ঘাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে আয়োজিত এই কর্মসূচিতে হুগলি নদীতে মাছের পোনা ছাড়া হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল নদীতে মাছের প্রাকৃতিক ভাণ্ডার বাড়ানো, মৎস্যসম্পদের সংরক্ষণ করা এবং নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা। পাশাপাশি নদীর মাছের উৎপাদন বৃদ্ধি পেলে এলাকার মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং তাঁদের জীবিকা আরও সুরক্ষিত হবে বলেও আশা করা হচ্ছে। বর্তমানে নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নদীতে পরিকল্পিতভাবে মাছের পোনা ছাড়ার মাধ্যমে ভবিষ্যতে মাছের জোগান বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থিক স্বনির্ভরতার পথ আরও সুগম করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁর উপস্থিতিতে হুগলি নদীতে মাছের পোনা ছাড়ার মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়। নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং মৎস্যজীবীদের স্বার্থে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


