
সোনারপুর: গভীর রাতে ঘুমন্ত দম্পতির ঘরে ঢুকে স্বামীকে মারধর করে বাইরে বের করে দেওয়ার পর এক বধূকে গণধর্ষণের অভিযোগ উঠল সোনারপুরে। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
আজ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে সোনারপুরের একটি ভাড়া বাড়িতে ছিলেন ওই বধূ। অভিযোগ, রাত গভীর হলে পাঁচজন জোর করে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর তাঁর স্বামীকে বিছানা থেকে টেনে তুলে মারধর করতে করতে ঘরের বাইরে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি বলে অভিযোগ। স্বামীকে সরিয়ে দেওয়ার পর ঘরের ভিতরেই ওই বধূকে একে একে ধর্ষণ করা হয় বলে অভিযোগ দায়ের হয়েছে। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নির্যাতিতা।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই দম্পতি। শনিবার সোনারপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বধূ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বাকিদের সন্ধানে অভিযান চলছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাই-সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে একজন সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার আগের দিন অন্য একটি পাড়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
ঘটনাস্থল সংলগ্ন বস্তি এলাকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ চলছে। প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগও করেছেন তাঁরা। তবে আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এদিকে, ঘটনার পর নিরাপত্তার অভাবে নির্যাতিতা ক্যানিংয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং পলাতক অভিযুক্তদের সন্ধান করা হচ্ছে।


