E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মুখ্যমন্ত্রীর অসন্তোষের পরই তৎপর শিলিগুড়ি পুরনিগম! শহর পরিচ্ছন্ন রাখতে ৭২ ঘণ্টার বিশেষ সাফাই অভিযান

শহরের জমে থাকা জঞ্জাল সরাতে পাঁচটি দল গঠন, বিভিন্ন এলাকা পরিদর্শন করে অভিযানের তদারকি করছেন পৌর প্রশাসক আর বিমলা
শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন রাখতে ৭২ ঘণ্টার বিশেষ সাফাই অভিযান শুরু করেছে পুরনিগম
শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন রাখতে ৭২ ঘণ্টার বিশেষ সাফাই অভিযান শুরু করেছে পুরনিগম

শিলিগুড়ি: শহরের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা জঞ্জাল নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরই নড়েচড়ে বসল শিলিগুড়ি পুরনিগম।

শহরের পরিচ্ছন্নতা ফেরাতে আগামী ৭২ ঘণ্টার বিশেষ সাফাই কর্মসূচি গ্রহণ করল পুর প্রশাসন।

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি পৃথক দল গঠন করে শুরু হয়েছে জোরকদমে সাফাই অভিযান। গোটা কর্মসূচির তদারকিতে সরেজমিনে মাঠে নামলেন স্বয়ং পৌর প্রশাসক আর বিমলা।

শিলিগুড়ি পুরনিগম পরিদর্শনে এসে শহরের বিভিন্ন এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও রাস্তায় জমে থাকা জঞ্জাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এরপরই শহরের নাগরিক পরিষেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও সক্রিয় করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে পুর প্রশাসন।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে চলবে এই বিশেষ সাফাই অভিযান।

শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি, জনবহুল এলাকা ও দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকা স্থানগুলিকে বিশেষভাবে চিহ্নিত করে পরিষ্কারের কাজ চালানো হচ্ছে। এই কাজের জন্য তৈরি করা হয়েছে পাঁচটি পৃথক দল।

বুধবার অভিযানের কাজকর্ম খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যান পৌর প্রশাসক আর বিমলা।

পুরকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দ্রুত জমে থাকা আবর্জনা সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।

পৌর প্রশাসক জানান, আগের দিনের বৈঠকে শহরের পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

সেখানেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশেষ সাফাই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী পুরনিগমের সংশ্লিষ্ট বিভাগগুলিকে কাজে নামানো হয়েছে। তবে শুধু একবার আবর্জনা সরিয়েই দায়িত্ব শেষ করতে চায় না পুর প্রশাসন। পরবর্তী সময়ে যাতে নতুন করে কোথাও জঞ্জাল জমতে না পারে, তার জন্যও নজরদারি চালানো হবে।

পাশাপাশি শহরবাসীর কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছেন পৌর প্রশাসক।

তাঁর বক্তব্য, পুরকর্মীদের নজরের বাইরে অনেক সময় বিভিন্ন এলাকায় আবর্জনা জমে থাকে। তাই কোথাও জঞ্জালের স্তূপ বা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়লে পুরনিগমের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। নাগরিকদের কাছ থেকে সঠিক তথ্য পেলে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নির্বাচিত পুরবোর্ড না থাকায় বর্তমানে প্রশাসনিক ব্যবস্থাপনায় চলছে শিলিগুড়ি পুরনিগম। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে।

মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর এবার সেই পরিষেবা ব্যবস্থাকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে পুর প্রশাসন।

এখন দেখার, ৭২ ঘণ্টার এই বিশেষ সাফাই অভিযান শহরের দীর্ঘদিনের জঞ্জাল সমস্যার কতটা সমাধান করতে পারে। আপাতত পুরনিগমের এই উদ্যোগের দিকেই তাকিয়ে রয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss