
শান্তিপুর: পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে চটুল নাচের আয়োজনের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে। নাচের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই পদক্ষেপ করল পুলিশ। বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান। আটক করা হয় পুজো উদ্যোক্তাদের চারজনকে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত বাগানে পাড়া এলাকার। প্রতিবছরের মতো এ বছরও সেখানে ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিল বাগানে পাড়া লক্ষ্মীপুজো বারোয়ারি। পুজো উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এ বছরের অনুষ্ঠানে নাচের আয়োজন ঘিরেই বিতর্ক তৈরি হয়।
প্রশাসনের তরফে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, এমন কোনও অনুষ্ঠান করা যাবে না, যাতে সমাজের মর্যাদা বা পরিবেশের অবনতি ঘটে। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই অনুষ্ঠানে চটুল নাচের আয়োজন করা হয়। পরে সেই নাচের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেয়। পাশাপাশি উদ্যোক্তাদের চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


