
শিলিগুড়ি: নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামাকালীর নাচ এবার দেখা গেল শিলিগুড়ির রাজপথে। মশালের আলো, ঢাকের তালে ও ভক্তদের উচ্ছ্বাসে শুক্রবার রাতে এক অন্যরকম উৎসবের সাক্ষী থাকল শহর।

সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই বিশেষ আয়োজন ঘিরে শহরজুড়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। শুক্রবার রাতে মশাল শোভাযাত্রার মধ্য দিয়ে কুমারটুলি থেকে বামাকালীর প্রতিমা নিয়ে আসা হয় পুজোমণ্ডপের উদ্দেশ্যে। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত ও ক্লাবের সদস্যরা। রাত প্রায় ১০টা নাগাদ মিছিল এসে পৌঁছয় সফদর হাশমি চকে। এরপরই ঢাকের তালে ভক্তদের কাঁধে চেপে শুরু হয় ঐতিহ্যবাহী বামাকালীর নাচ।
মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য দেখতে হাসমি চকে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। রাস্তার দু’ধারে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকর্মীদেরও। মশালের আলোয় দেবীর নাচ ও ঢাকের তালে ভক্তদের উন্মাদনা এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।
শান্তিপুরের এই বিশেষ ঐতিহ্য শিলিগুড়ির বুকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
ইতিমধ্যেই বামাকালীর নাচের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে শুক্রবার রাতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় সফদর হাশমি চত্বর।


