
শালবনী: শালবনী জমি দুর্নীতি মামলার তদন্তে এবার ঘটনাস্থলে সিআইডি আধিকারিকরা। মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে শালবনীর সীতারামপুর মৌজায় জমি পরিদর্শন করলেন তদন্তকারীরা। এদিন সকালে বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তা ও ঘেরাটোপে তাঁকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

অভিযোগ, সীতারামপুর মৌজায় একাধিক সরকারি জমিকে রায়তি জমি হিসেবে দেখিয়ে জাল দলিল তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই জমি বিক্রি করা হয়।
এই জমি সংক্রান্ত আর্থিক অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগের তদন্তেই এদিন সুজয় হাজরাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সিআইডি আধিকারিকরা।
কোন কোন জমিকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সেগুলি তাঁকে ঘুরিয়ে দেখানো হয়।
পাশাপাশি, কীভাবে জমিগুলি বিক্রি করা হয়েছে ও এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।
এদিনের জমি পরিদর্শন ও জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে শালবনী জমি দুর্নীতি মামলার তদন্তে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


