
নয়াদিল্লি: গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘিরে উদ্বেগের মধ্যে নতুন করে বিবৃতি দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। শুক্রবার ব্যাঙ্ক জানিয়েছে, যে সমস্ত গ্রাহকের তথ্য ওই ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত হয়েছে, তাঁদের প্রত্যেককে ইমেল এবং অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলাদাভাবে জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাঙ্কের দাবি, তাঁদের অ্যাকাউন্টের ব্যালান্স ও জমা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
সম্প্রতি ব্যাঙ্কের গ্রাহক-তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হওয়ার আশঙ্কা সামনে আসে। ২১ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ডার্ক ওয়েবে থাকা প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার রেকর্ডের প্রাথমিক বিশ্লেষণে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত পরিচয়-সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এর মধ্যে নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল ও বাসস্থানের ঠিকানা-সহ বিভিন্ন তথ্য থাকার কথা জানিয়েছে ব্যাঙ্ক।
SBI-র বক্তব্য, ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি নির্ধারণ করতে বিস্তারিত তদন্ত চলছে। তথ্যের সত্যতা, সম্ভাব্য উৎস এবং গ্রাহকদের জন্য ঝুঁকির মাত্রা খতিয়ে দেখতে একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকেও তদন্তের কাজে যুক্ত করা হয়েছে।
শুক্রবার ব্যাঙ্ক আরও জানিয়েছে, এই ঘটনার ফলে তার মূল ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক কার্যক্রম বা ব্যবসায়িক ধারাবাহিকতায় উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। গ্রাহকদের আর্থিক সম্পদ, ব্যক্তিগত তথ্য এবং আস্থা রক্ষা করাই তাদের অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা থাকায় গ্রাহকদের সতর্ক থাকা জরুরি। ব্যাঙ্কের নামে আসা সন্দেহজনক ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপ বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনও অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে ওটিপি, পিন বা ব্যাঙ্কিং পাসওয়ার্ড ভাগ করে নেওয়া উচিত নয়।


