
ওয়াশিংটন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাময়িক স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, ২৭ অক্টোবর মস্কোর স্থানীয় সময় ভোর ৪টে থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মূল লক্ষ্য, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
মেলানিয়া ট্রাম্প তাঁর এক্স অ্যাকাউন্টে জানান, ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরকে কেন্দ্র করে এই যুদ্ধবিরতির ভৌগোলিক পরিধি আরও বাড়ানো হয়েছে। এর ফলে মানবিক সাহায্যবাহী কনভয়গুলির নিরাপদ যাতায়াতের পথ তৈরি হবে। রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ওলেশকিতে সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রেখে সেখানে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং ইচ্ছুক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে। এই উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। দুই দেশের অসামরিক প্রতিনিধিরা বাসিন্দাদের প্রয়োজন খতিয়ে দেখবেন এবং যাঁরা এলাকা ছাড়তে চান, তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।
জানা গেছে , ২৭ অক্টোবর থেকে ওলেশকি শহরের আশপাশে স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই বিরতি ১ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। তবে এই সমঝোতা রাশিয়া-ইউক্রেনের গোটা যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়; নির্দিষ্ট মানবিক অভিযানের এলাকাতেই তা সীমাবদ্ধ।
ওলেশকিতে দীর্ঘদিন ধরেই খাদ্য, পানীয় জল, ওষুধ ও বিদ্যুতের সংকট রয়েছে। যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ২৪ হাজার। বর্তমানে সেখানে কয়েক হাজার মানুষ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে প্রবীণ ও অসুস্থ মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।



