
হুগলি, ৯ নভেম্বর: হুগলি জেলার ঋষড়ায় পুরসভার নোডাল আধিকারিক অশিতাভ গঙ্গোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ভাঙচুর ও গালিগালাজের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
অশিতাভ গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট অনুযায়ী, রাত আনুমানিক ২টো থেকে আড়াইটে নাগাদ ঋষড়ার পদ্মপুকুর এলাকার কাছে নিজের বাড়িতে ছিলেন তিনি। সেই সময় কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে এসে গালিগালাজ ও অভব্য আচরণ শুরু করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে তিনি দাবি করেছেন।
গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, পরিস্থিতি বুঝতে তিনি যখন বাড়ির বারান্দায় এসে বাইরে দেখার চেষ্টা করেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তিনি। তাঁর ফেসবুক পোস্টে কয়েকজন পরিচিত ব্যক্তির প্রতি সন্দেহ প্রকাশ করা হলেও, তাঁদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট প্রমাণ তিনি প্রকাশ্যে আনেননি।
ঘটনার আকস্মিকতায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেও নিজের পোস্টে উল্লেখ করেছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে ওষুধ খেয়ে বিশ্রাম নিচ্ছেন বলেও জানিয়েছেন। বিষয়টি বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী, বিধায়ক ও পুলিশ প্রশাসনকেও অবগত করেছেন বলে তাঁর দাবি। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের করার কথাও জানিয়েছিলেন তিনি।
এদিকে, সোমবার দুপুরের পর ঘটনার লিখিত অভিযোগ জানাতে ঋষড়া থানায় যান অশিতাভ গঙ্গোপাধ্যায়। খবর লেখা পর্যন্ত তিনি থানাতেই উপস্থিত ছিলেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে।


