
নদিয়া: দুর্গাপুজোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কালীপুজোয় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো দর্শন নিশ্চিত করতে আগেভাগেই মাঠে নামল পুলিশ।
সেই লক্ষ্যেই এদিন নদিয়ার শান্তিপুরে কালীপুজোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৈত্র। প্রথমে তিনি শান্তিপুরের ঐতিহ্যবাহী বামাকালী মন্দির পরিদর্শন করেন। এরপর যে মাঠে এবছর বামাকালীর নাচ অনুষ্ঠিত হওয়ার কথা, সেই বেজপাড়ার মাঠে পৌঁছে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।
বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের যাতায়াতের পথ, যানবাহন চলাচল ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি।
সাধারণ মানুষ কোন রাস্তা দিয়ে বামাকালীর নাচ দেখতে যাবেন এবং কোন পথে তাঁদের বেরিয়ে আসার ব্যবস্থা থাকবে, সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেন পুলিশ সুপার। পাশাপাশি বেজপাড়ার মাঠে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও পার্কিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
কালীপুজোকে কেন্দ্র করে শান্তিপুরে বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই আগাম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোই পুলিশের মূল লক্ষ্য।


