
রামপুরহাট: চিকিৎসককে দেখিয়ে স্বামী ও শিশুসন্তানকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন টুম্পা বায়ন। কিন্তু সেই ফেরা আর হল না। রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি লরির ধাক্কায় মৃত্যু হল তাঁর। সকালের এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। জাতীয় সড়কের ওই অংশে যান নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং এবং ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম টুম্পা বায়ন। তাঁর স্বামী পাতু বায়ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল। তাঁদের বাড়ি মহম্মদ বাজার থানার মকদম নগর এলাকায়। চিকিৎসার জন্য রামপুরহাটে এসেছিলেন দম্পতি। চিকিৎসককে দেখিয়ে সকালে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রল পাম্পের কাছে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা। লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন টুম্পা।
তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁদের শিশুসন্তানটি রক্ষা পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর জাতীয় সড়কের ওই অংশের যান চলাচল ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার দু’ধারে অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচলের জায়গা ক্রমশ কমে এসেছে। বাসস্ট্যান্ড এলাকায় নিয়ম না মেনে টোটো ও অটোর যাতায়াতেও যানজট বাড়ছে। তার উপর ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে যথেষ্ট নজরদারি নেই। ফলে ব্যস্ত এই সড়কে পথচারী ও ছোট যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় যান নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া, অবৈধ পার্কিং সরানো এবং টোটো-অটোর চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। তাঁদের বক্তব্য, বারবার যানজট ও বিশৃঙ্খলার অভিযোগ উঠলেও পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি।
দুর্ঘটনার পর ঘাতক লরিটির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।


