
রায়গঞ্জ: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই।
পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হল অভিযুক্ত দিলীপ রায়ের। সোমবার ভোরে বাংলা-বিহার সীমান্তবর্তী পারারপুকুর ঘাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার এক নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
গোপন সূত্রে তার অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল বাংলা-বিহার সীমান্তবর্তী পারারপুকুর ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযোগ, পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দিলীপ রায়।
অভিযুক্তের গুলিতে পুলিশের গাড়ির টায়ার-সহ একাধিক জায়গায় গুলি লাগে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় দিলীপ।
এরপর আহত অবস্থায় তাকে দ্রুত রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে এই গুলির লড়াইয়ের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


