
শান্তিপুর, নদীয়া: রাতের নিস্তব্ধতা ভেঙে আধ্যাত্মিক আবহে মুখরিত ভাগীরথীর তীর। ধর্মীয় বিশ্বাস ও পুণ্যলাভের আশায় মধ্যরাত থেকেই শান্তিপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হয় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম। রাধাকুঞ্জের স্নানযাত্রাকে কেন্দ্র করে গঙ্গাস্নানের উদ্দেশ্যে ভক্তদের ঢলে কার্যত জনসমুদ্রে পরিণত হয় ভাগীরথীর একাধিক ঘাট। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ ধর্মীয় উপলক্ষে পবিত্র ভাগীরথীর জলে স্নান করলে পূর্ণ হয় ধর্মীয় আচার ও পুণ্যলাভের মনোবাসনা।
তবে এত বিপুল সংখ্যক মানুষের সমাগমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।
ধর্মীয় আবেগ ও মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এই স্নানযাত্রায় সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশের এই তৎপরতা নজর কাড়ে উপস্থিত বহু মানুষের। একদিকে ভাগীরথীর বুকে পুণ্যস্নানে মগ্ন ভক্তসমাগম, অন্যদিকে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে পুলিশ প্রশাসন।
সব মিলিয়ে আধ্যাত্মিক আবহে সম্পন্ন হলো রাধাকুঞ্জের স্নানযাত্রা।


