
কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আরামবাগ থানার পুলিশ। আরামবাগ থানার আইসি সমিত তালুকদারের নেতৃত্বে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। উৎসবের মরশুমে পুলিশের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ।
কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে প্রতি বছরই শব্দবাজির দাপটে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ। শব্দবাজির বিকট আওয়াজে শিশু থেকে বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রবীণ ও অসুস্থদের কাছে এই তীব্র শব্দ অনেক সময় চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতিতে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে আরামবাগ থানার পুলিশের ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। তাঁদের মতে, উৎসবের আনন্দ যেন অন্যের কাছে আতঙ্ক বা অসুবিধার কারণ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতে পুলিশের এই কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।
পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করার পাশাপাশি আরামবাগ থানার আইসি সমিত তালুকদার-সহ থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের আশা, উৎসবের দিনগুলিতেও নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


