
গ্রেটার নয়ডা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) গ্রেটার নয়ডা শাখায় গ্রাহকদের স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) এবং সেভিংস ব্যাঙ্ক (এসবি) অ্যাকাউন্টে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তদন্ত শুরু করল সিবিআই। এই ঘটনায় সিবিআইয়ের গাজিয়াবাদ শাখা একটি এফআইআর দায়ের করেছে। অভিযোগের সত্যতা এবং অনিয়মের পরিধি খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ঘটনাটি সামনে আসার পর পিএনবি কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে। শুক্রবার ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গ্রাহকদের কয়েকটি ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে আর্থিক গরমিলের অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে ব্যাঙ্ক।
পিএনবি জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই, আর্থিক গরমিলের প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের উদ্বেগের নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ব্যাঙ্কের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত ৪৩ লক্ষ টাকা মূল্যের তিনটি দাবি নিষ্পত্তি করা হয়েছে। প্রকৃত ও বৈধ দাবি পাওয়া গেলে তা মেটানো হবে বলেও গ্রাহকদের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে পিএনবি আরও জানিয়েছে, জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং অসদাচরণের ক্ষেত্রে ব্যাঙ্কের নীতি শূন্য সহনশীলতা। তদন্তে যাঁদের দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে প্রযোজ্য নিয়ম ও পদ্ধতি মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং ব্যাঙ্কের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছে পিএনবি। তবে ঠিক কীভাবে অ্যাকাউন্টগুলিতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, কতজন গ্রাহক এর প্রভাবের মুখে পড়েছেন এবং মোট কত টাকার গরমিল হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সিবিআইয়ের তদন্তে সেই বিষয়গুলি স্পষ্ট হতে পারে।


