E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

গ্রাহকদের সঞ্চয়ে বড়সড় গরমিলের অভিযোগ, পিএনবি-র পাঁচ কর্মী সাসপেন্ড

PNB Bank Fraud Greater Noida ঘটনায় ১৬ গ্রাহকের প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শাখা ম্যানেজার-সহ পাঁচ কর্মী সাসপেন্ড, তদন্তে পুলিশ
গ্রাহকদের সঞ্চয়ে বড়সড় গরমিলের অভিযোগ, পিএনবি-র পাঁচ কর্মী সাসপেন্ড
গ্রাহকদের সঞ্চয়ে বড়সড় গরমিলের অভিযোগ, পিএনবি-র পাঁচ কর্মী সাসপেন্ড

নয়ডা: ব্যাঙ্কে বছরের পর বছর ধরে জমানো টাকা হঠাৎ অ্যাকাউন্ট থেকে উধাও! কারও স্থায়ী আমানত আগাম ভেঙে অন্যত্র পাঠানোর অভিযোগ, আবার কারও সেভিংস অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অস্বাভাবিক লেনদেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার আইছার গ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখাকে ঘিরে এমনই একাধিক অভিযোগ সামনে এসেছে। অন্তত ১৬ জন গ্রাহকের দাবি, তাঁদের অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত থেকে অনুমতি ছাড়াই প্রায় ৩৫ কোটি টাকা সরানো হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে শাখা ম্যানেজার-সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক। শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সংশ্লিষ্ট শাখায় গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ শুরু হয়েছে। শাখার স্বাভাবিক কাজকর্মও ব্যাহত বলে জানা গিয়েছে। অভিযোগকারীদের অধিকাংশই কৃষক পরিবারের সদস্য। তাঁদের বক্তব্য, ব্যাঙ্কে রাখা সঞ্চয়ের হিসাব মিলিয়ে দেখতে গিয়েই একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। কোথাও স্থায়ী আমানত নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয়েছে, কোথাও আবার গ্রাহকের অজান্তে টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে অভিযোগ। কিছু ক্ষেত্রে পাসবইয়ের নথিতেও ভুল তথ্য থাকার দাবি উঠেছে। এই অভিযোগগুলির মধ্যে রয়েছে বিনীত ভাটির ঘটনাও। তাঁর দাবি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিষয়ে পরামর্শ নিতে তিনি শাখায় গিয়েছিলেন। সেই সময় ব্যাঙ্কের ম্যানেজারের নির্দেশে চেক ও কয়েকটি নথিতে স্বাক্ষর করেন। কিন্তু পরে জানতে পারেন, তাঁর সেভিংস অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকা প্রায় ২৫ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে জমা পড়েছে। ওই অ্যাকাউন্টের গ্রাহকের নামও তাঁর নিজের নামের সঙ্গে মিলে যায় বলে দাবি করেছেন বিনীত। টাকা ফেরত চেয়ে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে কথোপকথনের রেকর্ডিংও তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।

শুধু বিনীত নন, আইছার ও আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারাও একই ধরনের অভিযোগ তুলেছেন। শ্রীচাঁদ নামে এক গ্রাহকের অভিযোগ, তাঁর স্থায়ী আমানত থেকে প্রায় ১ কোটি ১৬ লক্ষ টাকা সরানো হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই মোট ১৬ জনের অভিযোগ একত্র করে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। বুধবার ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(৫) ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

ক্ষতির অঙ্ক কতটা বড়, তা বোঝা যাচ্ছে পৃথক গ্রাহকদের অভিযোগ থেকেও। সেক্টর পাই এলাকার গৌতমের দাবি, তাঁর বাবার অ্যাকাউন্টে প্রায় ৯৪ লক্ষ টাকা জমা ছিল। গত ২৬ অক্টোবর ৫০ হাজার টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১৬ হাজার টাকা। সঞ্জয় নামে আর এক গ্রাহকের অভিযোগ, প্রায় ১০ লক্ষ টাকার স্থায়ী আমানত আগাম বন্ধ করে সেই অর্থ অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। হানিফের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা সরানো হয়েছে।

একইভাবে কার্তারির দুটি স্থায়ী আমানত থেকে ৯৮ হাজার ৭০০ টাকা ও ৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং অমিচাঁদের আমানত থেকে প্রায় ১০ লক্ষ ৩০ হাজার টাকা সরানোর অভিযোগ উঠেছে। বিজয় পাল ও সুভাষের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এক কোটিরও বেশি টাকা, সন্তোষের অ্যাকাউন্ট থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা এবং সরোজের অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ টাকা উধাও হওয়ার দাবি করা হয়েছে। বিজেন্দ্র সিংয়ের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৮৮ লক্ষ টাকা এবং স্থায়ী আমানত থেকে আরও ২৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।

কৃষক পরিবারের সঞ্চয় ও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থও এই ঘটনার জেরে ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ। বিরোন্ডা এলাকার এক বাসিন্দার দাবি, তাঁর মায়ের অ্যাকাউন্টে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা জমা পড়েছিল। আগে কিছু টাকা তোলার পরও প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার হিসাব মিলছে না বলে তাঁর অভিযোগ। ব্যাঙ্কের তরফে ১০ থেকে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্তের দায়িত্ব এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশকে দেওয়া হয়েছে। গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সন্তোষ কুমারের বক্তব্য, তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। কতগুলি অ্যাকাউন্টে অনিয়ম হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ কত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলেই বিষয়টি স্পষ্ট হবে।

অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের লিড ব্যাঙ্ক ম্যানেজার রাম বিনোদ কুমার জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহক ও কৃষক সংগঠনের সদস্যরা। ভারতীয় কিষান ইউনিয়ন (কৃষক)-এর দাবি, অনিয়মের প্রকৃত অঙ্ক ১৩০ থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। সংগঠনটির পক্ষ থেকে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এখন মূল প্রশ্ন, গ্রাহকদের অনুমতি ছাড়া কীভাবে তাঁদের সঞ্চয়ের অর্থ এক অ্যাকাউন্ট থেকে অন্যত্র স্থানান্তরিত হল? ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্ত ও পুলিশের অনুসন্ধানে সেই প্রশ্নের উত্তর মেলে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্ট গ্রাহক ও তাঁদের পরিবারের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss