
বসিরহাট: সরকারি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েতের ঘরের ভিতরে প্রধান মন্দিরা সাহা ও উপপ্রধান আলম মণ্ডলকে আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ চলে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি বণ্টন, রাস্তা নির্মাণ এবং ১০০ দিনের কাজের জব কার্ড তৈরি-সহ একাধিক সরকারি প্রকল্পে অনিয়ম হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলেও দাবি তাঁদের। দীর্ঘদিন ধরে এই ধরনের অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
এদিন সেই অভিযোগকে সামনে রেখেই পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ শুরু হয়। প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবি জানান বাসিন্দারা। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদের সেই অর্থ ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পিফা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা সাহা। তাঁর বক্তব্য, বিক্ষোভকারীদের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “এর আগেও মাইকিং করে গ্রামবাসীদের জানানো হয়েছে, কেউ কাউকে টাকা দেবেন না। কোনও সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয় না। বারবার সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। আমাকে কালিমালিপ্ত করার জন্য রাজনৈতিকভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।”
সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং প্রধানের পাল্টা বক্তব্য ঘিরে পিফা পঞ্চায়েতের পরিস্থিতি এখন সরগরম। অভিযোগগুলির সত্যতা যাচাই করে প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।


