
চুঁচুড়া: হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামোর উন্নতি এবং রোগীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে সোমবার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
বৈঠকে হাসপাতালের সামগ্রিক পরিষেবা ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন, রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগে পরিষেবার মান আরও উন্নত করা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাধারণ মানুষের কাছে উন্নত, সুলভ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান বিধায়ক সুবীর নাগ। হাসপাতালের পরিষেবা ব্যবস্থাকে আরও জনমুখী ও উন্নত করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
রোগীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সামগ্রিক উন্নয়নে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


