
বারুইপুর: মুম্বই যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে।
ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) বিধাননগর পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে। বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে পরেশরাম দাসের বিরুদ্ধে।
তদন্তে সহযোগিতা না করে ইন্ডিগোর বিমানে মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি বলে পুলিশের দাবি। সেই খবর পাওয়ার পরই বিমানবন্দরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বিধায়ককে বারুইপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আগামীকাল তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
এদিকে, সাংবাদিক বৈঠক করে গ্রেফতারির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার।
পুলিশের দাবি, শুধু ধর্ষণের মামলাই নয়, পরেশরাম দাসের বিরুদ্ধে ক্যানিং থানায় আরও প্রায় ২৪ থেকে ২৫টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ওই মামলাগুলিতেও তাঁর ভূমিকা ও যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বিধায়কের সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। তাঁর ভূমিকা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।


