
কাঁকসা: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল কাঁকসা ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মীর বিরুদ্ধে।
রাতে পাণ্ডবেশ্বরের পানাগড় বাইপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ওই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সঞ্জয় জানা। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটিতে ছিলেন সঞ্জয়। সহকর্মীদের সঙ্গে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন তিনি। সেই সময় একটি ট্রাকের আড়ালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।
কাছে গিয়ে তাঁরা দেখতে পান, সঞ্জয়ের মাথায় গুলির আঘাত রয়েছে ও ঘটনাস্থল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে চাঞ্চল্য তৈরি হয়।
বুধবার সকালে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার সম্ভাবনা সামনে এলেও, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কী কারণে সঞ্জয় এমন সিদ্ধান্ত নিলেন, তা জানতে সহকর্মীদের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।


