
ভুবনেশ্বর:ঘূর্ণিঝড় অর্ণবের পর ওড়িশায় উদ্ধারকাজ জোরদার করেছে রাজ্য প্রশাসন। ঝোড়ো হাওয়ার গতিবেগ খুব বেশি না হলেও ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষত গঞ্জাম জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। নিচু এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ইতিমধ্যেই একাধিক বাহিনীকে কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার পুলিশ মহানির্দেশক বিনয়তোষ মিশ্র। ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করে ডিজিপি জানান, বর্ষার শেষ পর্যায়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জল জমেছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির পূর্বাভাস মাথায় রেখেই ছয়টি জেলায় ১৮টি ওড্রাফ দল মোতায়েন করা হয়েছিল। উদ্ধারকাজের জন্য দলগুলির কাছে নৌকা-সহ প্রয়োজনীয় সরঞ্জামও রাখা হয়েছে। ডিজিপির বক্তব্য, নিচু ও জলমগ্ন এলাকায় আটকে পড়া বাসিন্দাদের নৌকার সাহায্যে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এই কাজে পুলিশ, দমকল, ওড্রাফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানিয়েছেন মিশ্র। তাঁর কথায়, বিপদের আশঙ্কা সম্পূর্ণভাবে কেটে না যাওয়া পর্যন্ত উদ্ধারকারী দলগুলির তৎপরতা বজায় থাকবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে, এমনটা মনে করছে না প্রশাসন। তাই উদ্ধার ও ত্রাণকর্মীরা দুর্গত এলাকায় থেকেই সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবেন। প্রশাসনের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ জলমগ্ন নিচু এলাকাগুলিতে আটকে থাকা মানুষকে নিরাপদে সরিয়ে আনা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও প্রয়োজনীয় পরিষেবা অব্যাহত রাখা।


