
কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের স্যাম্পলিং অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিকস ইউনিট (SOSU) ৩ ও ৪ নভেম্বর, ২০২৬ তারিখে “ইন্ডিয়ান অফিসিয়াল স্ট্যাটিস্টিকস কনক্লেভ অন থিওরেটিক্যাল অ্যান্ড এমপিরিক্যাল ইস্যুজ (OCTEI 2026)” শীর্ষক দু’দিনের সম্মেলনের আয়োজন করেছে। আজ ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জুবিলি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের প্রাক্তন অধিকর্তা ও উপাচার্য অধ্যাপক এস. মহেন্দ্র দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক এস. মহেন্দ্র দেব বলেন, “বর্তমানে তথ্যের উৎস, তথ্য সংগ্রহের পৌনঃপুনিকতা, সূক্ষ্মতা এবং প্রযুক্তির ক্ষেত্রে ব্যবস্থার ব্যাপক নবীকরণ ঘটছে। তবে, এই সংস্কারগুলি কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে এর অন্তর্নিহিত পদ্ধতিগুলির গুণমান এবং সেগুলির প্রতি মানুষের আস্থার ওপর।” তিনি সম্মেলনের অংশগ্রহণকারীদের উদ্দেশে মূল ভাষণও প্রদান করেন। সূচক সংখ্যা গণনার ক্ষেত্রে ভিত্তিবর্ষের পরিবর্তন, জেলা অভ্যন্তরীণ উৎপাদন (District Domestic Product) নিরূপণ-সহ সরকারি পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্তা অধ্যাপক অমর্ত্য কুমার দত্ত স্বাগত ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, বিশেষত, স্যাম্পলিং অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিকস ইউনিটের কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই ইনস্টিটিউট নবজাগরণকে নতুনভাবে কল্পনা করছে এবং জাতি গঠনে অবদান রাখছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার ডিরেক্টর, CTRPFP এবং RBI চেয়ার প্রফেসর অফ ইকোনমিক্স তথা বিশিষ্ট নীতি গবেষক অধ্যাপক শৈবাল কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ স্বামী সর্বোত্তমানন্দজি মহারাজ। উভয়েই নীতি নির্ধারণের জন্য একটি তথ্যভাণ্ডারের প্রয়োজনীয়তা এবং এই উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি, বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
আইআইএম কলকাতার প্রাক্তন অধিকর্তা এবং ভারত সরকারের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ারপার্সন অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায় এবং NSC-র প্রাক্তন চেয়ারম্যান তথা ISI-র প্রাক্তন অধিকর্তা অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমল রায়ও তাঁদের বক্তব্য পেশ করেন। এরপর উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির চেয়ারপার্সন অধ্যাপক দেবাশিস পাল সূচনা বক্তব্য রাখেন এবং অধ্যাপক সন্দীপ মিত্র ধন্যবাদ জ্ঞাপন করেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে তৃতীয় অধিবেশনের মাধ্যমে। এই অধিবেশনে ভারতীয় সরকারি পরিসংখ্যান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন BIS-এর গভর্নিং বডির চেয়ারম্যান এবং RBI-এর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন অধ্যাপক এস. পি. মুখোপাধ্যায়। মূল ভাষণ দেবেন কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) অধীনস্থ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের (CSO) প্রাক্তন অধিকর্তা ড. জি. সি. মান্না। এছাড়াও, বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত IIS আধিকারিক শ্রী ওঙ্কার প্রসাদ ঘোষ, শ্রী পি. সি. মোহানন এবং ড. সি. পি. বিনোদ কুমার।
এরপর অনুষ্ঠিত হবে নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকারি তথ্য বিশ্লেষণ (Official Data Analytics for Policy) বিষয়ক চতুর্থ অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন IIM কলকাতার JAT শ্রী শিবশঙ্কর চট্টোপাধ্যায়। মূল ভাষণ দেবেন IIM বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ। এছাড়াও, বক্তব্য রাখবেন ড. উত্তম কুমার পাল এবং বিশ্বব্যাঙ্কের পোভার্টি অ্যান্ড ইক্যুইটি গ্লোবাল প্র্যাকটিসের লিড ইকোনমিস্ট ড. হিনাইশ গ্রীন।
দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে কৃষি গবেষণা বিষয়ক একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনার মাধ্যমে। এই আলোচনায় সভাপতিত্ব করবেন কেন্দ্রের পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক (ADG) শ্রী জানকিরামরাও আর. রেগোটি। প্যানেল আলোচনায় বিশেষজ্ঞ মতামত তুলে ধরবেন নীতি আয়োগের উপ-মহানির্দেশক (DDG) শ্রীমতী রাধিকা আর. অশ্বিন, LEAD-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীমতী শর্বরী বুটোলা এবং ড. স্বর্ণ ভট্টাচার্য।
সূত্র: পিআইবি


