
কলকাতা: উত্তর ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির বৈদ্যুতিক রে মাছের সন্ধান পেলেন ভারতের প্রাণী সর্বেক্ষণ বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘Tetronarce ramanamurthyi sp. nov.’। এই আবিষ্কারের ফলে উত্তর ভারত মহাসাগরে প্রথমবারের মতো ‘Tetronarce’ বর্গের মাছের উপস্থিতি নিশ্চিত হল। সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
নতুন প্রজাতিটির সাধারণ নাম দেওয়া হয়েছে ‘আরবিয়ান ব্ল্যাক ইলেকট্রিক রে’। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে সংগৃহীত নটি নমুনা পরীক্ষা করে প্রজাতিটির স্বতন্ত্র পরিচয় নির্ধারণ করেছেন গবেষকেরা। শারীরিক গঠন এবং জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এটি আগে পরিচিত অন্য প্রজাতিগুলির থেকে পৃথক।
পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের ‘ডিপ ওশান মিশন’-এর আওতায় এই গবেষণা চালানো হয়েছে। ভারতীয় জলসীমায় গভীর সমুদ্রের তরুণাস্থিবিশিষ্ট মাছের শ্রেণিবিন্যাস, বিস্তার, জীববিদ্যা এবং বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ এই গবেষণা প্রকল্পের অন্যতম লক্ষ্য। গবেষণার ফল আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস বিষয়ক সাময়িকী ‘Zootaxa’-তে প্রকাশিত হয়েছে।
কী কী বৈশিষ্ট্য রয়েছে নতুন প্রজাতির?
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, নতুন প্রজাতির মাছটির পিঠের রং গাঢ় নীলচে-কালো থেকে গাঢ় বাদামি। চোখের পিছনে থাকা শ্বাসছিদ্রের চারপাশে প্যাপিলা নেই। দেহের চাকতির মতো অংশটি দৈর্ঘ্যের তুলনায় বেশি চওড়া। এন্ডোলিম্ফ্যাটিক ছিদ্র তুলনামূলক বড় এবং ক্ষুদ্র বৈদ্যুতিক অঙ্গের বৈশিষ্ট্যও রয়েছে।
মাছটির মেরুদণ্ডের একক হাড় বা সেন্ট্রার মোট সংখ্যা ৯৯। এর মধ্যে ৩০টি মনোস্পন্ডিলাস এবং ৬৯টি ডিপ্লোস্পন্ডিলাস সেন্ট্রা রয়েছে। এই শারীরিক বৈশিষ্ট্যগুলি প্রজাতিটির পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
শুধু বাহ্যিক গঠন নয়, জিনগত পরীক্ষার মাধ্যমেও নতুন প্রজাতিটির স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা হয়েছে। মাইটোকন্ড্রিয়াল COI ও ND2 জিনের DNA বিশ্লেষণে দেখা গিয়েছে, ‘Tetronarce ramanamurthyi’ একটি পৃথক বিবর্তনীয় বংশধারা। COI জিনের বিশ্লেষণে ‘T. tokionis’-এর সঙ্গে এর জিনগত পার্থক্য ২.২ শতাংশ এবং ‘T. nobiliana’-এর সঙ্গে ৬.৭ শতাংশ পাওয়া গিয়েছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের যৌথ গবেষণা
এই গবেষণায় নেতৃত্ব দেন চেন্নাইয়ের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন বায়োলজি রিজিওনাল সেন্টারের বিজ্ঞানী ড. কে. কে. বিনীশ এবং জুনিয়র রিসার্চ ফেলো অনিল কাশীনাথ। তাঁদের সঙ্গে সহযোগিতা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান জোসে স্টেট ইউনিভার্সিটির মস ল্যান্ডিং মেরিন ল্যাবরেটরিজের প্যাসিফিক শার্ক রিসার্চ সেন্টারের ড. ডেভিড এ. এবার্ট।
পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের ডিপ ওশান মিশনের মিশন অধিকর্তা ড. এম. ভি. রমনা মূর্তির সম্মানে নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে ‘Tetronarce ramanamurthyi’। সামুদ্রিক বিজ্ঞান, সমুদ্র প্রকৌশল এবং সামুদ্রিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই নামকরণ।
গভীর সমুদ্রের জীববৈচিত্র্য অনুসন্ধানে নতুন দিশা
গবেষক দলের মতে, গভীর সমুদ্রের পরিবেশে অনুসন্ধান চালানো অত্যন্ত কঠিন। প্রচলিত পদ্ধতিতে প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণের পাশাপাশি আধুনিক আণবিক প্রযুক্তি ব্যবহার করলে অজানা সামুদ্রিক প্রজাতির সন্ধান পাওয়া সম্ভব। এর মাধ্যমে বিভিন্ন প্রজাতির বিবর্তনীয় সম্পর্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়।
বিজ্ঞানীদের এই আবিষ্কার উত্তর ভারত মহাসাগরের গভীর সমুদ্রের জীবজগৎ সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। গবেষকদের মতে, ডিপ ওশান মিশনের আওতায় ভবিষ্যতে আরও অনুসন্ধান চালানো হলে এই অঞ্চলে অজানা সামুদ্রিক প্রজাতির সন্ধান মিলতে পারে। ফলে সমুদ্রের জীববৈচিত্র্য, প্রজাতির বিবর্তন এবং সংরক্ষণ সম্পর্কে গবেষণার পরিধিও আরও বাড়বে।


