
নৈহাটি: কালীপুজোকে কেন্দ্র করে ভক্তদের ঢল নেমেছে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরে। গতকাল রাত থেকেই বড়মার মূর্তির সামনে বহু ভক্তকে দণ্ডি কাটতে দেখা যাচ্ছে। মনস্কামনা পূরণের আশায় নিষ্ঠা ও ভক্তিভরে এই ধর্মীয় আচার পালন করছেন দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। মন্দির চত্বর জুড়ে তৈরি হয়েছে ভক্তিময় পরিবেশ।
অন্যদিকে, ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
গতকাল রাত থেকেই মন্দির চত্বরে মোতায়েন রয়েছেন পর্যাপ্ত পুলিশকর্মী। দণ্ডি কাটার সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ প্রশাসন। পাশাপাশি চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি এড়াতেও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সব মিলিয়ে, একদিকে বড়মার আরাধনায় ভক্তির আবহ, অন্যদিকে কড়া পুলিশি নিরাপত্তায় নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে তৎপর প্রশাসন।


