
নবদ্বীপ, নদিয়া: নিঃসন্তান, দুঃস্থ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ৬০০-রও বেশি বিধবা মহিলাকে নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী। নবদ্বীপের ভজন আশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলাদের হাতে বস্ত্র, মিষ্টির প্যাকেট ও ফল তুলে দেন তিনি। পাশাপাশি তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদও নেন বিজেপি সভানেত্রী।
দশমীর পর একাদশীর দিন নবদ্বীপের ভজন আশ্রমে দুঃস্থ বিধবাদের নিয়ে বিজয়া পালনের একটি প্রথা চালু করেছিলেন নবদ্বীপের প্রাক্তন বিধায়ক নন্দ সাহা। এবার সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেন অপর্ণা নন্দী-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের অনেকেই নিঃসন্তান। আবার কারও সন্তান থাকলেও তাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অবহেলিত বলে জানা গিয়েছে। তাঁদের সঙ্গে বিজয়ার আনন্দ ভাগ করে নেওয়া এবং তাঁদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ প্রসঙ্গে অপর্ণা নন্দী বলেন, তিনি নিজেও নবদ্বীপের বাসিন্দা। সেই সূত্রে এই মহিলাদের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। বছরের অন্তত একটি দিন তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং তাঁদের পাশে থাকার চেষ্টা থেকেই এই উদ্যোগ। আগামী দিনেও একইভাবে এই বিধবা মহিলাদের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বস্ত্র, মিষ্টি ও ফল বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি হয়। পরিবার থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত প্রবীণাদের সঙ্গে এই মিলনমেলার উদ্যোগ স্থানীয়ভাবে নজর কেড়েছে।


