
পশ্চিম মেদিনীপুর: খোদ মেদিনীপুর শহরের একটি বাড়িতে চলছিল মাদক কারবারের রমরমা! গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশের অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। গভীর রাতে শহরের বড় আস্তানা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬৮.৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে দাবি পুলিশের। মাদক ছাড়াও বাড়ি থেকে মিলেছে বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না ও নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে অভিযানের বিস্তারিত তথ্য জানান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
তিনি জানান, বড় আস্তানা এলাকার শেখ সাব্বিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি প্যাকেটে রাখা মোট ৩৬৮.৫ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তল্লাশিতে মিলেছে ৫২ গ্রাম সোনা, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে আট লক্ষ টাকা।
উদ্ধার হয়েছে ২০০ গ্রাম রুপো, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ছাড়াও বাড়ি থেকে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় শেখ রাজেশ (২৮) ও শেখ শরিফুদ্দিন (৩৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, এর আগে বিভিন্ন অভিযানে মূলত মাদকের ছোট ছোট পুরিয়া উদ্ধার হয়েছে।
কিন্তু এবারের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ওজন করার যন্ত্র উদ্ধার হওয়ায় তদন্তকারীদের অনুমান, বাড়িটিকে মাদক ওজন করে ছোট ছোট প্যাকেটে ভরে বিক্রির কাজে ব্যবহার করা হত। এর পিছনে বড়সড় মাদক চক্র সক্রিয় ছিল বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের জোগান কোথা থেকে আসত ও কোথায় তা সরবরাহ করা হত, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তবে মাদক উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না উদ্ধার হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। ওই গয়নাগুলি কোথা থেকে এল, সেগুলির সঙ্গে কোনও স্বর্ণ ব্যবসায়ীর যোগ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পুলিশ সুপার। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মেদিনীপুর শহরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক, ওজন করার যন্ত্র, সোনা- রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে শহরের বুকে এই মাদক কারবার চলছিল কি না, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।


