
কলকাতা: সকালের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে বড়সড় দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি থর গাড়ি ঢুকে পড়ল বিপরীত লেনে। সেখানেই সামনে থেকে আসা একটি অল্টোর সঙ্গে তার সংঘর্ষ হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটে এই ঘটনা। দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল থর গাড়িটি। অভিযোগ, দ্রুতগতিতে যাওয়ার সময় প্রথমে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা লাগে গাড়িটির। এরপর চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি বিপরীত দিকের লেনে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ধাক্কার অভিঘাতে দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত তিন জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তিলজলা ট্রাফিক গার্ডে। কী পরিস্থিতিতে থরটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, অভিযুক্ত চালকের বিরুদ্ধে শুধু সাধারণ পথ দুর্ঘটনার মামলা নয়, ‘অ্যাটেম্পট টু মার্ডার’ বা খুনের চেষ্টার ধারায় মামলা করা উচিত। এ ধরনের বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
মা ফ্লাইওভারের মতো ব্যস্ত রাস্তায় একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ার ঘটনায় ফের যানবাহনের গতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করা হবে, তা পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।


