
শিলিগুড়ি: আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছানোর কাজে নেমে পড়ল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)।
উত্তরবঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে রবিবার শিলিগুড়ির এসএফ রোডে সাংবাদিক বৈঠক করল দলের রাজ্য নেতৃত্ব।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি। বৈঠক থেকে আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা ও পুরসভা নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহার বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সভাপতি, সম্পাদক- সহ বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্বপ্রাপ্তদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সংগঠনকে তৃণমূল স্তরে আরও বিস্তৃত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নেতৃত্ব।
পুরসভা নির্বাচনে দলের অবস্থান প্রসঙ্গে রাজ্য সভাপতি জানান, বর্তমানে বিজেপির সঙ্গে জোটে থাকলেও নির্বাচনে দলের নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রাখা হবে।
বিজেপির সঙ্গে জোট হলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেবে দল। অন্যথায় এককভাবেই পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে লোক জনশক্তি পার্টি।
এদিনের বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলের সাংগঠনিক কার্যকলাপ, সংগঠনের বিস্তার ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সব মিলিয়ে আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার পাশাপাশি নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)।


