E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

১২ ঘণ্টা পর কুমারডিহি কোলিয়ারি থেকে জীবিত উদ্ধার ১২ শ্রমিক

ডুলির যান্ত্রিক ত্রুটিতে প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়েছিলেন ইসিএলের কর্মীরা, ভোরে শেষ হয় রাতভর উদ্ধার অভিযান

পাণ্ডবেশ্বর: খনির প্রায় ২০০ ফুট গভীরে দীর্ঘ ১২ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে প্রাণে বাঁচলেন ১২ জন শ্রমিক। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি-এ কোলিয়ারিতে ডুলির যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার সন্ধ্যা থেকে আটকে ছিলেন তাঁরা। রাতভর উদ্ধার অভিযান চালানোর পর মঙ্গলবার ভোর ৫টা নাগাদ প্রত্যেককে জীবিত অবস্থায় উপরে তুলে আনা সম্ভব হয়। তাঁদের উদ্ধার ঘিরে স্বস্তি ফিরেছে শ্রমিক পরিবার ও কোলিয়ারি এলাকায়।

কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত ডুলির লোহার রশি ইঞ্জিন ঘরের ড্রামে আটকে যায়। এর ফলে খনির মাঝপথে ঝুলে পড়ে ডুলিটি। সেই সময় তার ভিতরে ছিলেন ১২ জন ইসিএল কর্মী। আচমকা যান্ত্রিক বিপত্তিতে তাঁরা খনির গভীরে আটকে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই কোলিয়ারি এলাকায় উদ্বেগ তৈরি হয়। খনির মুখে ভিড় জমান আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে কুমারডিহি কোলিয়ারিতে পৌঁছন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। রাতভর খনির মুখে থেকে উদ্ধারকাজের পরিস্থিতির উপর নজর রাখেন তিনি। ঘটনাস্থলে ছিলেন ইসিএলের উচ্চপদস্থ আধিকারিক, কোলিয়ারি এজেন্ট মধুসূদন সিং, ম্যানেজার, জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশকর্মীরাও।

প্রথমে ডুলির আটকে যাওয়া রশি ছাড়ানোর চেষ্টা করা হয়। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে জানা গিয়েছে। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ইঞ্জিন ঘরের ড্রামের যান্ত্রিক ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোরে ডুলির চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। এরপর একে একে ১২ জন শ্রমিককে উপরে তুলে আনা হয়।

কোলিয়ারি সূত্রে খবর, উদ্ধার হওয়া শ্রমিকরা আপাতত সুস্থ রয়েছেন। তবে দীর্ঘ সময় খনির ভিতরে আটকে থাকার কারণে তাঁদের শারীরিক অবস্থার পরীক্ষা প্রয়োজন। সেই কারণে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

উদ্ধার অভিযান সফল হলেও কুমারডিহি কোলিয়ারির নিরাপত্তা ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, ডুলি এবং তার সঙ্গে যুক্ত যন্ত্রপাতিতে মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। কয়েক মাস আগে মেরামত করা ড্রামে ফের কীভাবে এমন যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

১২ জন শ্রমিককে নিরাপদে ফিরিয়ে আনা গেলেও এই ঘটনা কয়লাখনিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা এবং নিয়মিত যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব ফের সামনে এনে দিল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss