
দক্ষিণ কোরিয়ার কোরিয়া ওপেনে এবার ভারতের লড়াইটা সহজ হবে না। দেশের একাধিক প্রথম সারির শাটলার এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় দলের দায়িত্ব অনেকটাই এসে পড়েছে অভিজ্ঞ এইচ এস প্রণয় এবং তরুণী তানভি শর্মার উপর। আজ থেকে জিননাম স্টেডিয়ামে শুরু হচ্ছে বিডব্লিউএফ সুপার ৫০০ পর্যায়ের প্রতিযোগিতা।
ভারতের অনুপস্থিতির তালিকায় রয়েছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু, পুরুষদের ডাবলসের তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি এবং পুরুষদের সিঙ্গলসের অন্যতম ভরসা লক্ষ্য সেন। ফলে এবারের প্রতিযোগিতায় ভারতের দল বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
লক্ষ্য সেন না থাকায় পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে একমাত্র লড়বেন প্রণয়। একসময় বিশ্ব ক্রমতালিকায় ছয়ে উঠে আসা এই শাটলার বর্তমানে ৩৮ নম্বরে রয়েছেন। প্রথম ম্যাচেই তাঁর সামনে কঠিন প্রতিপক্ষ—দক্ষিণ কোরিয়ার ইউ তে-বিন। এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
মহিলাদের সিঙ্গলসে মূল পর্বে ভারতের হয়ে খেলবেন তানভি শর্মা ও অনম খরব। এই বিভাগে মালবিকা বানসোদ ও অসমিতা চালিহার নামও ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
পুরুষদের ডাবলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন অর্জুন রেড্ডি পোচানা ও অচ্যুতাদিত্য রাও দোদ্দাভারাপু। তাঁদের লড়াই শুরু হবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। মহিলাদের ডাবলসে খেলবেন ঋতিকা ঠাকের ও সোনালি সিং। মিশ্র ডাবলসের মূল পর্বে ভারতের হয়ে নামবেন ধ্রুব রাওয়াত ও মানীষা কে।
একাধিক পরিচিত মুখের অনুপস্থিতিতে কোরিয়া ওপেনে ভারতের পদক-প্রত্যাশা কতটা পূরণ হয়, তা নির্ভর করবে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর। বিশেষ নজর থাকবে প্রণয় ও তানভির দিকে।


