
গুয়াহাটি: কলকাতা- সাইরং এক্সপ্রেস দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ট্রেনের চালকের কেবিনে থাকা ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার আগের পরিস্থিতি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভাইরাল ভিডিয়োয় শোনা যাচ্ছে, চালক বলছেন, ”সিগন্যাল লাল।


আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না। কোনও কিছুই কাজ করছে না।” এরপরই কয়েক মুহূর্তের মধ্যে বিকট শব্দে ব্যারিকেডে ধাক্কা মারে ট্রেনটি। নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্য একটি ট্রেনকে জায়গা করে দেওয়ার জন্য কলকাতা-সাইরং এক্সপ্রেসকে অসমের দিগারু স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যারিকেডে ধাক্কা লাগে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। কলকাতা থেকে মঙ্গলবার সকালে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। বুধবার বিকেলে মিজোরামের সাইরংয়ে পৌঁছনোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে এক্সপ্রেসটি। চালকের কেবিনের ভিডিয়োয় ব্রেক ও আপৎকালীন ব্যবস্থার কাজ না করার যে দাবি শোনা যাচ্ছে, তা ঘিরে দুর্ঘটনার কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে যান্ত্রিক ত্রুটি, সিগন্যাল ব্যবস্থা নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।


